ঢাকা, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমঝোতার পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
এরই মধ্যে ইসলামাবাদে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট ও আফ্রিদি। তাই ধারণা করা হচ্ছে অচিরেই সমঝোতায় পৌঁছাবে উভয় পক্ষ।
বৈঠক সম্পর্কে ইজাজ ইএসপিএনক্রিকইনফোকে বলেন, "আমি ইসলামাবাদে আফ্রিদির সঙ্গে আলোচনা করেছি। তবে এই মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।"
বৈঠক সফল কিংবা শিগগিরই কোনো ঘোষণা দেয়া হবে কি না, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।
তবে বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে হ্যাম্পশায়ারে খেলার অনাপত্তি পত্র বহাল ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য আফ্রিদিকে অনাপত্তি পত্র দেয়া হবে। বিনিময়ে বোর্ডের বিরুদ্ধে সিন্ধু হাইকোর্টে আফ্রিদির দায়ের করা পিটিশন তিনি তুলে নেবেন।
বোর্ডের সমালোচনা করায় আফ্রিদির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙের অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন, কেন্দ্রীয় চুক্তি বাতিল ও হ্যাম্পশায়ারে খেলার জন্য আফ্রিদিকে দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয় পিসিবি।
শর্ত সাপেক্ষে আফ্রিদির অবসরের ঘোষণার পর পিসিবি'র সঙ্গে তার বিরোধ দেখা দেয়।
অবসরের ঘোষণা দেয়ার সময় আফ্রিদি বলেন, তিনি পিসিবি'র বর্তমান নেতৃত্বের অধীনে খেলবেন না। তবে অন্য নেতৃত্বের অধীনে খেলতে তার আপত্তি নেই।
এর পরিপ্রেক্ষিতে আচরণবিধি না মেনে চলার জন্য আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি। এর জবাব দিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আফ্রিদি মেনে নেন। শৃঙ্খলা ভঙের বিষয়টি খতিয়ে দেখার জন্য গঠিত কমিটিতে শুনানির জন্য হাজির হতেও তিনি রাজি আছেন বলে জানান। তবে শর্ত জুড়ে দেন, হ্যাম্পশায়ারে খেলার অনাপত্তি পত্র বহাল করতে হবে।
সিন্ধু হাইকোর্টে আফ্রিদির পিটিশনের শুনানির পরবর্তী তারিখ ১৬ জুন। সেদিনই আফ্রিদি তার পিটিশন প্রত্যাহার করে নেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৩২ ঘ.
bdnews24