২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের দায়িত্ব ছাড়লেন লতিফ

শেষ পর্যন্ত আফগানিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় রশিদ লতিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত আফগানিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় রশিদ লতিফ। কোচ ও দলের মধ্যে এক সপ্তাহের অসন্তোষের পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড লতিফের পদত্যাগ পত্র গ্রহণ করে। ইএসপিএনক্রিকইনফোকে লতিফ বলেন, "পাকিস্তান 'এ' দলের বিপক্ষে সিরিজ হারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। নিজের দায়বদ্ধতা থেকে আমি এই চুক্তি আর দীর্ঘায়িত করছি না।" গতবছর জুলাইতে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লতিফ। পরে দলের প্রধান কোচ কবির খান দায়িত্ব ছেড়ে দিলে অগাস্টে লতিফকে প্রধান কোচ করা হয়। লতিফের অধীনেই এশিয়ান গেমস টোয়েন্টি-টোয়েন্টি সেমিফাইনালে পাকিস্তানকে হারায় আফগানিস্তান। যদিও ফাইনালে তারা বাংলাদেশের কাছে হেরে যায়। এছাড়া লতিফ দায়িত্বে থাকা কালে 'আইসিসি ইন্টারন্যাশনাল কাপে' স্কটল্যান্ডকে হারায় আফগানিস্তান। আর ২০১১ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কানাডার বিপক্ষে জেতে দলটি। তবে গত মাসে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে একদিনের সিরিজে সব ম্যাচে হারের বিষয়টি মেনে নিতে পারেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারপর থেকেই বোর্ড ও খেলোয়াড়দের সঙ্গে লতিফের সম্পর্ক খারাপ হতে থাকে। ২০ জুলাই পর্যন্ত চুক্তি ছিলো লতিফের। এখন আফগান খেলোয়াড়রা কবির খানকেই কোচ হিসেবে পুনরায় চাইছেন। অগাস্টে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে কানাডায় যাবে আফগানিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৪৭ ঘ.