২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা করতে পারতেন ক্যাটিচ

ক্ষুব্ধ ও হতাশ সাইমন ক্যাটিচ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে মামলা করার কথা ভেবেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুব্ধ ও হতাশ সাইমন ক্যাটিচ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে মামলা করার কথা ভেবেছিলেন। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর তীব্র ভাষায় সিএ'র সমালোচনা করেন উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ। ৩৫ বছর বয়সী ক্যাটিচ অভিযোগ করে বলেন, বয়সের কারণে তাকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। একে বৈষম্য হিসেবে দেখছেন তিনি। "আমার মনে হয় উপেক্ষার পেছনে বয়সই মূল কারণ।" ক্যাটিচের ম্যানেজার রবার্ট জোস্ক হারমারস ওয়ার্কপ্লেস ল'ইয়ারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন। তারা শক্ত মামলা করার পরামর্শ দেন। তবে শেষ পর্যন্ত সে পথে হাঁটেন নি ক্যাটিচ। ক্যাটিচ বলেন, "গত তিন বছরে আমি যথেষ্ট রান করেছি। আর আমাদের দলে বয়স নিয়ে নানা ভাবনা রয়েছে। তবে সেটাকে কখনোই কারণ হিসেবে বলা হবে না।" বাদ দেয়ার যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা খুবই হতাশার মনে করেন ক্যাটিচ। বলেন, "আমাকে বলা হয়েছে, ২০১৩ সালের অ্যাশেজ সিরিজকে সামনে রেখে উদ্বোধনী জুটি ঠিক করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। " অস্ট্রেলিয়ার হয়ে খেলা উপভোগ করেন দাবি করে ক্যাটিচ বলেন, চুক্তিতে থাকা ছিল তার জন্য সম্মানের ব্যাপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৭ ঘ.