২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের দল নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন

নিউজিল্যান্ড ক্রিকেট দেশটির ক্রিকেটে দল নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন এনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ড ক্রিকেট দেশটির ক্রিকেটে দল নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন এনেছে। নির্বাচক প্যানেলের নতুন চেহারা পাওয়ার পর সব ক্ষমতা থাকছে কোচ জন রাইটের হাতে। স্বাভাবিকভাবেই এতে অনেকেই সন্তুষ্ট নন। নিউজিল্যান্ডের দায়িত্ব নেয়ার পর থেকেই জন রাইট এমনটা চেয়েছিলেন। ছয় মাসের মধ্যে দল নির্বাচনের প্রায় সবটুকু ক্ষমতা পেয়েও গেলেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন ডিরেক্টর জন বুকাননের এটাই প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দল নির্বাচনে একজন পূর্ণকালীণ জাতীয় নির্বাচক ম্যানেজার থাকছেন। তিনি কোচের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। অপাতত মার্ক গ্রেটব্যাচকে এ পদের জন্য বেছে নিয়েছেন বুকানন। রাইটের সঙ্গে তিনি দুই সদস্যের প্যানেলে দল নির্বাচন করবেন। দুজনের মধ্যে কোনো মত পার্থক্য হলে কোচের কথাই হবে চূড়ান্ত। জাতীয় নির্বাচক ম্যানেজার নিউজিল্যান্ডের পুরুষ ও মহিলা জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ দল পর্যন্ত সব পর্যায়ের দল নির্বাচনের দায়িত্বে থাকবেন। বুকাননের এ সিদ্ধান্তে পর নির্বাচক প্যানেল থেকে বাদ পড়ছেন গ্লেন টার্নার ও ল্যান্স কেয়ার্নস। দুজনের কেউই জাতীয় সিলেকশন ম্যানেজার পদের জন্য আবেদন করেন নি। আপাতত গ্রেটবাচ ওই দায়িত্ব পালন করবেন। দল নির্বাচনে নতুন পদ্ধতি কাজ করবে বলে আশাবাদী নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন। বলেছেন, বুকানন নতুন পদ্ধতির প্রস্তাব দিলেও তাতে পূর্ণ সমর্থন রয়েছে বোর্ডের। "প্রচলিত পদ্ধতির বাইরে দল নির্বাচন প্রক্রিয়ায় নতুন পথে হাঁটছে নিউজিল্যান্ড। তবে এও স্বীকার করছি, এতোদিন নির্বাচকরা তাদের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৮ ঘ.