ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শহিদ আফ্রিদি'র মধ্যে চলমান বিতর্ককে 'আত্মঘাতী' হিসেবে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক ইমরান খান।
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বুধবার বলেন, "এই বিতর্ক দেশটির ক্রিকেটকে আরো গভীর সঙ্কটে ফেলে দেবে।"
শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দেয়ার পর বোর্ডের সমালোচনা করায় আফ্রিদির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে পিসিবি। অবসরের ঘোষণা দেয়ার সময় আফ্রিদি বলেছিলেন, পিসিবি'র বর্তমান নেতৃত্বের অধীনে তিনি খেলবেন না। তবে নতুন নেতৃত্বের অধীনে তার খেলতে আপত্তি নেই।
আফ্রিদির শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা ও কড়া ভাষায় পিসিবি'র সমালোচনা করায় তার সঙ্গে চুক্তি স্থগিত ও অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয় পিসিবি। এছাড়া তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়।
অনাপত্তি পত্র প্রত্যাহার করার দেশের বাইরে খেলা হচ্ছে না আফ্রিদির। এই নিষেধাজ্ঞা তুলে নিতে মঙ্গলবার আদালতের শরাণাপন্ন হন তিনি। এ সময় আদালত শৃঙ্খলা কমিটি স্থগিত করে ও বোর্ড কর্মকর্তাদের আদালতে আসতে বলে।
বারবার কেন পাকিস্তানের ক্রিকেট সঙ্কটে পড়ছে সে প্রশ্নের উত্তর খুঁজছেন ইমরান। "আমি বুঝিনা কেন পাকিস্তানের ক্রিকেটে বারবার এমনটা হয়। বিভিন্ন সমস্যার মধ্যে থাকা দেশটির ক্রিকেটকে কেন আরো বড় ঝামেলায় ফেলতে হয়। কোনো সন্দেহ নেই এটা পাকিস্তানের ক্রিকেটে আরেকটি 'আত্মঘাতী আক্রমণ'।"
ইমরান মনে করেন, পাকিস্তানের ক্রিকেটে কোনো দৃঢ়তা নেই। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেই কোনো প্রাতিষ্ঠানিকীকরণ। কারণ, পিসিবি প্রধানের পদে নিয়োগ দেন দেশের রাষ্ট্রপতি এবং তার কোনো জবাবদিহিতা নেই।
পাকিস্তানের ক্রিকেটে সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধ না হলে দেশটির ক্রিকেট থেকে সঙ্কট কখনো দূর করা সম্ভব নয় বলে তিনি মনে করেন। ইমরান বলেন, "বারবার অধিনায়ক পরিবর্তন দলটির সামর্থ্য কমিয়ে দিচ্ছে পিসিবি।"
পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার পরও কেন আফ্রিদিকে সরে যেতে হল তা কোনোভাবেই বুঝছেন না ইমরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৩ ঘ.
bdnews24