ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে ফিরে এসেছেন শহিদ আফ্রিদি। তিনি যখন করাচি বিমানবন্দরে পৌঁছান, তখন হাজার হাজার লোক তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অপেক্ষা করছিলেন। কিন্তু লন্ডন থেকে করাচি বিমান বন্দরে পৌঁছার পর নিরাপত্তা রক্ষীরা কড়া পাহারায় আফ্রিদিকে বিমান থেকে নামিয়ে আনে। কোনো ভক্ত কিংবা অপেক্ষমান কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলার সুযোগ না দিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দরে উপস্থিত লোকজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে সাবেক অধিনায়ক যে অবস্থান নিয়েছেন, তার প্রতি সমর্থন জানান।
আফ্রিদির দেশে ফেরার আগে করাচি শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড ও ব্যানার ঝুলিয়ে দেয়া হয়। এতে লেখা ছিল-বিমানবন্দরে 'জাতীয় নায়ক'কে স্বাগত জানান।
আফ্রিদি ইংল্যান্ড গিয়েছিলেন হ্যাম্পশায়ারের হয়ে সে দেশের ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতে। কিন্তু তাকে দেয়া অনাপত্তি পত্র পিসিবি প্রত্যাহার করে নেয়ায় তার আর খেলা হয়নি।
আফ্রিদির শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা ও কড়া ভাষায় পিসিবি'র সমালোচনা করায় তার অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়।
এ জন্য শৃঙ্খলা ভাঙার বিষয়টি খতিয়ে দেখার জন্য পিসিবি'র গঠিত কমিটির সামনে বুধবার আফ্রিদিকে হাজির হতে হবে।
কিন্তু আফ্রিদির আইনজীবীরা তিন সদস্যের কমিটির স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, কমিটি এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে বসে আছে।
আকরামের সমালোচনায় ইজাজ বাট
পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট বোর্ডের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার জন্য সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের সমালোচনা করেছেন।
পিসিবি ও আফ্রিদি'র মধ্যে বিরোধের জন্য আকরাম উভয় পক্ষকে দায়ী করেন। তিনি বলেন, কোনো কারণ না দেখিয়ে আফ্রিদিকে বরখাস্ত করে বোর্ড ভুল করেছে।
"আকরাম পাকিস্তান দলকে নয়, ভারত দলকে কোচ দিতে বেশি পছন্দ করেন," বলেন ইজাজ বাট, "তাই কেনো তিনি পাকিস্তান ক্রিকেট নিয়ে কথা বলবেন। তার নিজেরও 'ম্যাচ পাতানো'র ইতিহাস রয়েছে।" এরপর ইজাজ বাট আকরামকে তার নিজের চরিত্রের দিকে তাকানোর পরামর্শ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৬ ঘ.
bdnews24