২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আফ্রিদিকে শেষ করে দেয়ার ষড়যন্ত্র'

শহিদ আফ্রিদির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরোধের বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার তাহির শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহিদ আফ্রিদির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরোধের বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার তাহির শাহ। তিনি বলেন, আফ্রিদিকে শেষ করে দেয়ার জন্য এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আফ্রিদি শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দিলে এই বিরোধ দেখা দেয়। এই ঘোষণা দেয়ার সময় আফ্রিদি বলেন, পিসিবি'র বর্তমান নেতৃত্বের অধীনে তিনি খেলবেন না। তবে নতুন নেতৃত্বের অধীনে তার খেলতে আপত্তি নেই। আফ্রিদির অবসরের ঘোষণা ও পিসিবি'র বর্তমান নেতৃত্বের সমালোচনা করায় তাকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়। তাহির শাহর বরাত দিয়ে নেশন পত্রিকায় বলা হয়, পিসিবি প্রধান ও আফ্রিদির শৃঙ্খলা ভাঙার অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত কমিটি তার (আফ্রিদি) বিপক্ষে পক্ষপাতিত্বমূলক আচরণ করবে। তারা আফ্রিদির ক্রিকেট-জীবন ধ্বংস করে দিতে চায়। তিনি মনে করেন, আফ্রিদির ক্রিকেট-জীবন এখনো উজ্জ্বল। কেননা এখনো একাই তিনি দলকে জেতাতে পারেন। ইজাজ বাটের সমালোচনা করতে গিয়ে তাহির বলেন, ক্রিকেট থেকে 'ম্যাচ ফিক্সিং' দূর করতে তিনি ব্যর্থ হয়েছেন। পিসিবি প্রধানের পদত্যাগ দাবি করে তাহির বলেন, তিনি পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করছেন। অনেক খেলোয়াড়ের খেলোয়াড়ী-জীবনও তিনি ধ্বংস করেছেন বলে তাহির অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩১৬ ঘ