ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার অ্যালান ডোনাল্ড নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন না। প্রথমে মৌখিকভাবে ডোনাল্ড এই পদে যোগ দেবেন বলে নিউজিল্যান্ড ক্রিকেটকে কথা দিয়েছিলেন। কিন্তু পরে তিনি মত পাল্টান বলে সংস্থার প্রধান নির্বাহী জাস্টিন ভন জানান।
ভন এক বিবৃতি বলেন, "অ্যালানকে ধরে রাখার জন্য সব কিছুই আমরা করেছি। তবে বুঝতে পারছি, নিজের দেশের চাকরি তার ও (তার) পরিবারের কাছে অনেক বেশি আকর্ষণীয়।"
এর আগে ডোনাল্ড চুক্তির ভিত্তিতে চলতি বছরের জানুয়ারি থেকে বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত নিউজিল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে কাজ করেন।
বিশ্বকাপের পর ডোনাল্ড অস্ট্রেলিয়ার বোলিং কোচ হওয়ার চেষ্টা করেন। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার ক্রেগ ম্যাকডারমট তার দেশের বোলিং কোচের দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড কথা দিয়েছিলেন, নিউজিল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব নেবেন তিনি।
ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক গ্যারি কার্স্টেন দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। ধারণা করা হচ্ছে, তার অধীনে দক্ষিণ আফ্রিকা দলের বোলিং কোচ হিসেবে কাজ করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/টিআর/২১০৩ ঘ.
bdnews24