২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু ভারতের

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছে ভারত। একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি খেলায় স্বাগতিকদের ১৬ রানে হারিয়েছে সুরেশ রায়নার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছে ভারত। একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি খেলায় স্বাগতিকদের ১৬ রানে হারিয়েছে সুরেশ রায়নার দল। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করে ভারত। জবাবে ৫ উইকেটে ১৪৩ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। ৪ ওভার ২ বলে ২২ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স (৯) ও আন্দ্রে ফ্লেচার (১১)। তৃতীয় উইকেট জুটিতে ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস ৬৬ রান করে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে রান পেতে রীতিমতো সংগ্রাম করতে হয় তাদের। ৬৬ রান তুলতে তাদের খেলতে হয় ১১ ওভার ১ বল। দলীয় ৮৮ রানের মাথায় স্যামুলস (২৭) যখন বিদায় নেন, ততক্ষণে হার প্রায় নিশ্চিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ৪ রান পরে ব্রাভো (৪১) তাকে অনুসরণ করলে স্বাগতিকদের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। পরের দিকের ব্যাটসম্যানরা পরাজয়ের ব্যবাধান কমিয়েছেন কেবল। এতে নেতৃত্ব দেন ক্রিস্টোফার বার্নওয়েল ও ডানজা হেয়াট। শেষ পর্যন্ত রার্নওয়েল অপরাজিত থাকেন ৩৪ রানে। হেয়াট ১৪ রানে। ভারতের পক্ষে হরভজন সিং ২ উইকেট নেন ২৫ রানে। এর আগে ভারতের ব্যাটসম্যানরা শুরুতে নিজেদের খুঁজেই পাননি। এক পর্যায়ে ৫৬ রানের মধ্যে বিদায় নেন ৪ ব্যাটসম্যান। ভারতের ৮ ব্যাটসম্যানের মধ্যে অধিনায়ক সুরেশ রায়না ও শেখর ধাওয়ান ছাড়া বাকি ছয়জনই দুই অঙ্কের ঘরে পা রাখেন। কিন্তু কেউই নিজের ইনিংস উল্লেখ করার মতো বড় করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান আসে সুব্রামনিয়াম বদ্রিনাথের ব্যাট থেকে। তিনি তার ৩৭ বলের ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে। এছাড়া রোহিত শর্মা ২৬ রান করেন। ২৬ রান আসে পার্থিব প্যাটেলের ব্যাট থেকেও। ১৯ ওভারের প্রথম বলে দলীয় ১৩৪ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বদ্রিনাথের বিদায়ের পর ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেন ইউসুফ পাঠান ও হরভজন সিং। অপরাজিত এই দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ১৫ রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সামি ৪ উইকেট নেন ১৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৩৪ ঘ.