ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সাবেক টেস্ট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন, পূর্ণ শক্তির দল না গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত জিতবে।
গাঙ্গুলি বলেন, "ওয়েস্ট ইন্ডিজে অবশ্যই ভারত জিতবে। ইংল্যান্ডের বিপক্ষেও জিততে পারে এই দলটি। তবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো খুব কঠিন।"
জুন-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও জুলাই-এ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে দেশটির সফল অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলি বলেন, "ধোনিই আসল ব্যক্তি। কয়েক দিন আগে আমাদের বিশ্বকাপ এনে দেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপাও তুলে ধরেন তিনি। সত্যিই, তিনি একজন অসাধারণ অধিনায়ক ও ক্রিকেটার।"
শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং ও গৌতম গম্ভিরকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে খেলবে ভারত। সৌরভ মনে করেন, এতে নতুন ক্রিকেটাররা নিজেদের মেলে ধরা একটা সুযোগ পাবেন। ঋদ্ধিমান সাহার মতো উঠতি ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন, মূলত এটিই সৌরভের কাছে গুরুত্বপূর্ণ।
আইপিএল'র ২০১২ সালের আসরে খেলতে চান সৌরভ। এ প্রসঙ্গে তিনি বলেন, "এবার প্রতিযোগিতার শেষ দিকে আমি খেলেছি পুনা ওয়ারিয়র্সে। আশা করছি, আগামী আসরেও খেলার সুযোগ পাবো।"
সৌরভকে এবার নেয়নি কলকাতা নাইট রাইডার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৩ ঘ.
bdnews24