ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার জন্য শহিদ আফ্রিদির পক্ষ থেকে একটি আইন প্রতিষ্ঠান বোর্ডের কাছে একটি চিঠি পাঠিয়েছে।
দেশটির একদিনের দলের অধিনায়কত্ব থেকে আফ্রিদিকে সরিয়ে দেয়ার পর শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দেন তিনি। এর ফলে এই বিরোধ দেখা দেয়।
অবসরের ঘোষণা দেয়ার সময় আফ্রিদি বলেন, পিসিবি'র বর্তমান নেতৃত্বের অধীনে তিনি খেলবেন না। তবে নতুন নেতৃত্বের অধীনে তার খেলতে আপত্তি নেই।
চিঠিটি আইনি কোনো নোটিশ নয়, তবে এতে পাকিস্তানের ক্রিকেটে আফ্রিদির অবদান ও হ্যাম্পশায়ারের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। চুক্তি বাতিলের পাশাপাশি বোর্ড অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয়ায় কাউন্টিটির হয়ে খেলতে পারছেন না তিনি। হ্যাম্পশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় আফ্রিদির খেলার কথা ছিল।
আফ্রিদির ম্যানেজার উমরান খান ইএসপিএনক্রিকইনফোর কাছে চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেন।
চিঠি পাওয়ার কথা পিসিবি'র পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩৪ ঘ.
bdnews24