২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির সিদ্ধান্তে হতাশ ওয়াকার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে শহিদ আফ্রিদির শর্তাধীন অবসরের সিদ্ধান্তে হতাশ পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট থেকে শহিদ আফ্রিদির শর্তাধীন অবসরের সিদ্ধান্তে হতাশ পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাকিস্তানের ম্যানেজার ইন্তিখাব আলমের দেয়া প্রতিবেদনের ব্যাপারে বোর্ড কর্মকর্তাদের ওয়াকারের বৈঠকের কথা রয়েছে। এর আগে আফ্রিদির ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ তিনি। ওয়াকার বলেন, "আফ্রিদির অবসরের ঘোষণায় আমি হতাশ। পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে এ ব্যাপরে আমি খুব বেশি মন্তব্য করতে চাইনা। এখানে ব্যাক্তিগত কোনো মতপার্থক্য নেই। আমরা সবাই পাকিস্তানের পক্ষে খেলতে এসেছি। আফ্রিদির সঙ্গে আমার ব্যাক্তিগত মতপার্থক্যের ব্যাপারটি আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি। তিনি ঠিক কি বলেছেন না জেনে এ ব্যাপারে কিছু বলতে চাই না।" আফ্রিদির সরে দাঁড়ানোর সিদ্ধন্তে কোনোভাবে ওয়াকার জড়িত নন বলে জানিয়েছেন। অধিনায়কত্ব থেকেও তাকে সরিয়ে দেয়ার ব্যাপারে নিজের কোনো ভূমিকার নেই দাবি করেছেন পাকিস্তানের কোচ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একদিনের সিরিজের আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পরপরই টিভিতে পদত্যাগের ঘোষণা দেন আফ্রিদি। আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে সাংবাদিকদের বলেছেন, "দলের অধিনায়ক ঠিক করার ব্যাপারাটি আমার হাতে নেই। পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট দলের অধিনায়ক ঠিক করেন। এ ব্যাপারে আলোচনা করার জন্য তিনিই সঠিক ব্যাক্তি।" এদিকে অবসরের ঘোষণা দেয়ার পর আফ্রিদির সঙ্গে চুক্তি স্থগিত করার পাশাপাশি তাকে দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে তার কাছে। এর জবাব দেয়ার জন্য দেয়া হয়েছে এক সপ্তাহ সময়। আফ্রিদি পৃথিবীর বিভিন্ন স্থানে তার খেলার ব্যাপারে পিসিবির বাঁধা দেয়া আটকাতে দেশটির প্রেসিডেন্ট ইউসুফ আলী জারদারির কাছে আবেদন জানিয়েছেন। এদিকে পদত্যাগের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক আফ্রিদিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। "সমস্যা সমাধানে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করবো। আমিও তার একজন ভক্ত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৩৫ ঘ.