ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেকায়দায় পড়েছেন শহিদ আফ্রিদি। তার সঙ্গে চুক্তি স্থগিত করার পাশাপাশি তাকে দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কারণ দর্শানোর নোটিশও পাঠানো হচ্ছে তার কাছে। এর জবাব দেয়ার জন্য এক সপ্তাহ সময় দেয়া হবে তাকে।
অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয়ায় ইংল্যান্ডে হ্যাম্পশায়ারের হয়ে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা হচ্ছে না আফ্রিদির।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডও (ইসিবি) বিদেশি খেলোয়াড় হিসেবে তার রেজিস্ট্রেশন স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে নিয়মানুযায়ী, আফ্রিদির অনাপত্তি পত্র বাতিল করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ইসিবি।
এরই মধ্যে ইংল্যান্ডে অবস্থানরত আফ্রিদি আরো সঙ্কটে পড়ার আগে পাকিস্তানের ক্রিকেটে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির হস্তক্ষেপ কামনা করেছেন।
আফ্রিদি বলেন, "আমার বিরুদ্ধে পিসিবি সব শক্তি নিয়ে মাঠে নেমেছে।" যে কোনো ধরনের আইনি ব্যবস্থা তারা নিতে পারে বলে জানিয়ে তিনি বলেন, "তবে বেআইনি কিছু করলে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ তো আমারো আছে।"
পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দিয়ে আফ্রিদি আচরণ বিধি লঙ্ঘন করেছেন।
সোমবার লন্ডন থেকে 'জিও' টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে আফ্রিদি সাফ জানিয়ে দেন, বোর্ডের বর্তমান নেতৃত্বের অধীনে আর খেলবেন না তিনি। তবে নতুন নেতৃত্বের অধীনে খেলতে রাজি আছেন।
সে সময় বোর্ড কর্মকর্তাদেরও সমালোচনা করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আফ্রিদিকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। জবাব দেয়ার তাকে সাতদিন সময় দেয়া হবে।
তাকে দেয়া অনাপত্তি পত্রও প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় চুক্তির আওতায় তার সব ধরনের দেনা-পাওনাও স্থগিত রাখা হয়েছে।"
পরে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট ইএসপিএনক্রিকইনফোকে বলেন, "তার এই মন্তব্যে আমরা হতাশ।" এভাবে মন্তব্য করা তার ঠিক হয়নি বলে উল্লেখ করে বাট বলেন, "পিসিবি'র এই নেতৃত্বের অধীনে খেলতে না চাইল আমরা তাকে স্বাগত জানাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯২৬ ঘ.
bdnews24