ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একপেশে খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল'র শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস।
গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে তারা। অন্যদিকে আবারও রানার্সআপ হলো ব্যাঙ্গালোর। ২০০৯ সালেও রানার্সআপ হয় তারা। সেবার তারা হার মনে ডেকান চার্জার্সের কাছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চূড়ান্ত খেলায় শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মুরালি বিজয় ও মাইক হাসির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২০৫ রান করে চেন্নাই। জবাবে ৮ উইকেটে ১৪৭ রানে থামে ব্যাঙ্গালোরের ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই ক্রিস গেইল ফিরে গেলে বড়সড় ধাক্কা খায় ব্যাঙ্গালোর। ওই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি ব্যাঙ্গালোর।
শুরু থেকেই ব্যাঙ্গালোর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে খেলার পাল্লা হেলে যায় চেন্নাইয়ের দিকে। দলের পক্ষে প্রায় একাই লড়ে যান বিরাট কোহলি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৩৫ রান।
শেষের দিকে সৌরভ তিওয়ারি হারের ব্যবধানই কমিয়েছেন কেবল। শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৩৪ বলের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা রয়েছে। এছাড়া জহির খান ২১ ও এবি ডি ভিলিয়ার্স ১৮ রান করেন।
চেন্নাইয়ের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নেন ১৬ রানে।
এর আগে ১৪ ওভার ৫ বলের উদ্বোধনী জুটিতে দলকে শক্ত ভিত্তি গড়ে দেন বিজয় ও হাসি। দলীয় ১৫৯ রানের মাথায় হাসি (৬৩) বিদায় নিলেও অবিচল ছিলেন বিজয়। হাসি তার ৪৫ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৩টি ছক্কা দিয়ে।
দলীয় ১৮৮ রানের মাথায় বিদায় নেন বিজয় (৯৫)। তার ৫২ বলের ইনিংসে ৪টি চার ও ৬টি ছয় রয়েছে।
এ দু'জন সাজঘরে ফেরার পর যেভাবে এগোচ্ছিল, সেভাবে আর এগোয়নি চেন্নাইয়ের ইনিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে আসে ২২ রান। পরের দিকের আর কেউ দুই অঙ্কের কোঠায় পা রাখতে পারেননি।
ব্যাঙ্গালোরের পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস গেইল ও শ্রীনাথ অরবিন্দ। এ জন্য গেইল দেন ২৮ রান। অরবিন্দ ৩৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/০০০৬ ঘ.
bdnews24