ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টের দ্বিতীয়দিন শ্রীলঙ্কার প্রথম পালার ৪০০ রানের জবাবে এক উইকেটে ৪৭ রান করেছে ইংল্যান্ড। ফলে তারা এখনো পিছিয়ে আছে ৩৫৩ রানে।
অ্যালিস্টার কুক ব্যাট করছেন ২৪ রান নিয়ে। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত রয়েছেন নাইট-ওয়াচম্যান জেমস অ্যান্ডারসন।
অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ২০ রান করে সাজঘরে ফেরেন সুরাঙ্গা লাকমলের বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়ে।
এর আগে শতক হাঁকান প্রসন্ন জয়াবর্ধনে। মূলত তাকে ঘিরেই গড়ে ওঠে শ্রীলঙ্কার পালা। তিনি তার টেস্ট-জীবনের তৃতীয় শতকে (১০০ রান) পৌঁছান ১৪৭ বলে, ১২টি চারের সাহায্যে।
কার্ডিফে শুক্রবার ২ উইকেটে ১৩৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা ও মাহেলা।
কিন্তু দলের সঙ্গে কোনো রান যুক্ত না হতেই বিদায় নেন মাহেলা। অফ-স্ট্যাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকার মুখে অ্যান্ডারসনের বলটিকে শক্ত হাতে খেলেন মাহেলা। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় ফার্স্ট স্লিপে। স্ট্রাউস ডানদিকে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন তা। ফলে মাহেলার ৪ রানের ইনিংস থেমে যায় সেখানেই।
দলের সঙ্গে আর ২৬ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন পারানাভিতানা। তিনিও তার ৫৮ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যেতে পারেননি বেশি দূর। ৮ রান যোগ করেই বোল্ড হন ক্রিস ট্রেমলেটের বলে। অফ-স্যাম্পের সামান্য বাইরের বল ড্রাইভ করেন পারানাভিতানা। কিন্তু ব্যাটের ভেতরের দিকে লেগে বল তার অফ-স্ট্যাম্প ভেঙে দেয়।
পারানাভিতানা ৬৬ রান করেন ১৯১ বলে। তিনি তার ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে।
পঞ্চম উইকেট জুটিতে থিলান সামারাবিরা ও প্রসন্ন ৮৪ রান তুলে দলের অবস্থা মজবুত করেন। দলীয় ২৪৩ রানের মাথায় অর্ধশতক হাঁকানোর পরপর সামারাবিরা (৫৮) সাজঘরে ফিরে গেলেও খেলে যেতে থাকেন প্রসন্ন। সামারাবিরার ৮৪ বলের ইনিংসে চার রয়েছে ৯টি।
স্টুয়ার্ট ব্রডের বলে নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন প্রসন্ন। অফ-স্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করেন তিনি। বল তার ব্যাটের বাইরের দিকে লেগে জমা পড়ে উইকেটের পেছনে ম্যাট প্রায়রের হাতে। ১১২ রান করেন তিনি ১৬৮ বলে। চার মারেন ১২টি।
লেজের দিকের ব্যাটসম্যানদের মধ্যে থিসারা পেরেরা ২৫ ও রঙ্গনা হেরাথ ২৫ রান করেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও গ্রায়েম সোয়ান। এ জন্য অ্যান্ডারসন দেন ৬৬। সোয়ান ৭৮।
প্রথমদিন বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ৪৮ ওভার।
তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে লর্ডসে ৩ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৩০ ঘ.
bdnews24