২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিন মোকাবেলায় গিবসনের পরামর্শ

ভারতের ভয়ঙ্কর স্পিন আক্রমণে উদ্বিগ্ন ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন তার ব্যাটসম্যানদের ঘন ঘন এক রান নেয়ার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের ভয়ঙ্কর স্পিন আক্রমণে উদ্বিগ্ন ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন তার ব্যাটসম্যানদের ঘন ঘন এক রান নেয়ার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজে সে দেশের তিন স্পিনার সাঈদ আজমল, মোহম্মদ হাফিজ ও আব্দুর রেহমানকে খেলতে রীতিমতো হিমশিম খেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। এখন ওটিস গিবসন চাইছেন, তার খেলোয়াড়রা ভুল থেকে শিক্ষা নিয়ে ভারতের স্পিনারদের আরো ভালোভাবে মোকাবেলা করুক। পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করলেও ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজে হার মানে ৩-২ ব্যবধানে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিং'র শীর্ষ দল ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে ৪ জুন। সফরকালে পাকিস্তান তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। টেস্ট ও একদিনের, উভয় ধরনের ক্রিকেটে যে হরভজন সিং খেলবেন, তা নিশ্চিত। কিন্তু টেস্টে তার সঙ্গী কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। ভারতের একদিনের দলে নেয়া হয়েছে লেগ-স্পিনার অমিত মিশ্র ও অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে। তাদের মধ্যে একজন অথবা দু'জনকেই দেখা যেতে পারে টেস্টে হরভজনের সঙ্গী হিসেবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারতের স্পিনাররা বেশ ভালো বল করেছেন। কিন্তু গিবসন বিশ্বাস করেন, তাদের বিপক্ষে তার ব্যাটসম্যানরা ভালো খেলবেন। স্পিনারদের বল খুব বেশি ছেড়ে না খেলারও পরামর্শ দেন কোচ তার ব্যাটসম্যানদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৬ ঘ.