ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে নাও দেখা যেতে পারে গৌতম গম্ভীরকে। ডান কাঁধের চোটে ভুগছেন তিনি।
তবে চোট নিয়েই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মহাগুরুত্বপূর্ণ 'প্লে-অফ' ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন তিনি।
লিগ ম্যাচের শেষ খেলায় ফিল্ডিং করতে গিয়ে বল ছুড়ে মারার সময় ডান কাঁধে চোট পান গম্ভীর।
মঙ্গলবার 'এমআরআই' স্ক্যান করার পর তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, গম্ভীরকে অস্ত্রপচারের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে একদিনের ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীসহ আরও কিছু সিনিয়র খেলোয়াড়কে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গৌতম গম্ভীরকে অধিনায়ক করা হয়।
গম্ভীর খেলতে না পারলে তার জায়গায় সুুরেশ রায়না একদিনের সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৫০ ঘ.
bdnews24