ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেন্ট কিটস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৬ রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো সফরকারী পাকিস্তান।
পঞ্চম দিন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিলো ৫ উইকেট, আর ওয়েস্ট ইন্ডিজের ২৯৭ রান।
৫ উইকেটে ১৩০ রান নিয়ে মঙ্গলবার পঞ্চম দিনের খেলা শুরু করে আর মাত্র ১০০ রান তুলতেই বাকী ৫টি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
ম্যাচ সেরা হয়েছেন তৌফিক ওমর (পাকিস্তান)।
সিরিজ সেরা হয়েছেন সাঈদ আযমল (পাকিস্তান)।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ব্রেন্ডন ন্যাশ (৩০) এদিন আর কোনো রান না করেই সাঈদ আযমলের বলে তৌফিক ওমরের হাতে ধরা পড়েন। ফলে ১৩৫ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা।
চতুর্থ দিনেই জয়ের আশা ছেড়ে দেয়া ওয়েস্ট ইন্ডিজ ততক্ষণে ম্যাচ হারের শঙ্কায় পড়ে গেছে।
ব্যাট করতে নামেন অধিনায়ক ড্যারেন সামি। কার্লটন বগকে সঙ্গে নিয়ে তিনি দলকে টেনে নিতে থাকেন। তবে সামিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বগ। দলীয় ১৭১ রানে আব্দুর রেহমানের বলে এলবিডব্লিউ হয়ে যান বগ (১৮)।
কেমার রোচও ১২ রান করে রান আউট হয়ে সাজঘরের ফিরে যান।
পাকিস্তানের ভয়ঙ্কর স্পিন আক্রমণের সামনে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন সামি। তবে বেশিক্ষণ এই লড়াই চালিয়ে যেতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৪১ রান করে আযমলের বলে মিসবাহ-উল-হকের হাতে ধরা পড়েন তিনি। ৫১ বলে খেলা তার এই ইনিংসে চার ছিলো ৬টি।
রবি রামপল ও দ্রেবেন্দ্র বিশুর পক্ষে পাকিস্তানের জয় বেশিক্ষণ ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি। রামপল ২০ রান করে সেই আযমলের বলেই সাজঘরের পথ ধরেন।
বিশু ৩ রানে অপরাজিত ছিলেন।
পাকিস্তানের পক্ষে ৬৫ রান দিয়ে ৪ উইকেট নেন আব্দুর রেহমান। এছাড়া আযমল ৩ উইকেট নেন ৭৯ রানের বিনিময়ে।
পাকিস্তানের প্রথম পালার ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ২২৩। দ্বিতীয় পালায় ৬ উইকেটে ৩৭৭ রান করে দান ছেড়ে দেয় পাকিস্তান। ফলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৪২৭। কিন্তু ২৩০ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
প্রথম টেস্টে ৪০ রানে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৩০ ঘ.
bdnews24