২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, শ্রীলঙ্কাকে সব টেস্টে হারাতে চান অ্যান্ডারসন

ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজের দলকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট (আইসিসি) র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যেতে চান ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজের দলকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট (আইসিসি) র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যেতে চান ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। ডেইলি মেইলকে তিনি বলেন, টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং শ্রীলঙ্কাকে হারাতে পারলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যাবে তার দল। বর্তমান র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। "বিশ্বের সেরা দলে পরিণত হওয়ার লক্ষ্য আমরা গোপন রাখছি না," বলেন অ্যান্ডারসন, "এ কথা আমরা আগেই বলেছি এবং লক্ষ্যে পৌঁছাতে আমরা বদ্ধপরিকর।" এ জন্য শ্রীলঙ্কা ও ভারতকে অবশ্যই হারাতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, "তবে র‌্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি ঘটাতে চাইলে দল দু'টিকে হারাতে হবে বেশ ভালোভাবে। তাই আমরা শ্রীলঙ্কাকে ৩-০ ও ভারতকে ৪-০ ব্যবধানে হারাতে চাই।" শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে কার্ডিফে বৃহস্পতিবার। আর ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ জুলাই লর্ডসে। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্ট প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, "মাঠে নেমেই বল কিংবা ব্যাট হাতে আমরা শ্রীলঙ্কার ওপর চড়াও হতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩২৩ ঘ.