ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২০২ রান করেছে পাকিস্তান। খেলেছে ৭৫ ওভার।
উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক ওমর ৯৭ ও অধিনায়ক মিসবাহ-উল-হক ১৩ রানে ব্যাট করছেন। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত সফরকারীরা ২৫১ রানে এগিয়ে।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন তৌফিক ও মোহাম্মদ হাফিজ। দলীয় ৮২ রানের মাথায় হাফিজ (৩২) বিদায় নিলেও দেখেশুনে খেলতে থাকেন তৌফিক।
দ্বিতীয় উইকেটে তৌফিক আজহার আলী ৭৬ রান তোলে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন। নিজের অর্ধশতকে পৌঁছার পরপরই আজহার (৫৩) বিদায় নিলেও অবিচল ছিলেন তৌফিক। দলের রান তখন ১৫৮।
৯ রান পরেই আসাদ শফিককে হারিয়ে দিনের শেষ বেলায় একটু চাপে পড়ে পাকিস্তান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শফিক (৪)। তবে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে তৌফিক ও মিসবাহ ৩৫ রান তোলে দিনের বাকি সময়টুকু নিরাপদেই পার করে দেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ, ড্যারেন সামি ও দেবেন্দ্র বিশু একটি করে উইকেট নেন।
এর আগে তৃতীয় সকালে ৮ উইকেটে ১৮৪ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। শেষ ২ উইকেট হারিয়ে যোগ করে ৩৯ রান।
নবম উইকেটে রোচ ও রবি রামপল যোগ করেন ৬০ রান। দলীয় ২১৮ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে রোচ (২৯) বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রামপল। ৭৭ বলে খেলেন ৩২ রানের কার্যকরী এক ইনিংস। দ্বিতীয় দিন শেষে রোচ ১০ ও রামপল ১৫ রানে অপরাজিত ছিলেন।
নিজেদের প্রথম ইনিংসে ৮৩ ওভার ৫ বল খেলে ২২৩ রান করে স্বাগতিকরা। পাকিস্তানের পক্ষে হাফিজ ও সাঈদ আজমল ৩টি করে উইকেট নেন। এ জন্য হাফিজ দেন ২৩ রান। আজমল ৫৬।
এর আগে পাকিস্তান নিজেদের প্রথম করে ২৭২ রান। আজহার আলী ৬৭ ও উমর আকমল ৫৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রাবি রামপল ও দেবেন্দ্র বিশু ৩টি করে উইকেট নেন। এজন্য রামপল দেন ৬৮ রান। বিশু ৮০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৫৪ ঘ.
bdnews24