ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) 'প্লে অফ'র চার দল নির্ধারণ হয়েছিল আগেই। বাকি ছিল কেবল প্রতিপক্ষ নির্ধারণ। রোববার দুই খেলার পর তাও ঠিক হয়ে গেছে।
২৪ মে মুম্বাইয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস।
২৫ মে মুম্বাইয়ে এলিমিনেটর ম্যাচে খেলবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স।
প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল খেলবে ফাইনালে। চূড়ান্ত এই খেলা হবে ২৮ মে চেন্নাইয়ে। অন্যদিকে পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল খেলবে ফাইনালে। পরাজিত দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে।
আইপিএল'র চতুর্থ আসরে অংশ নেয় দশটি দল। দলগুলোর প্রত্যেকে প্রথম পর্বে ১৪টি করে ম্যাচ খেলেছে।
এতে ৯ জয়সহ ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ব্যাঙ্গালোর। চেন্নাই ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে পড়ায় তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই। আর কলকাতা আছে চার নম্বরে। দলটির পয়েন্ট ১৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০৪৯ ঘ.
bdnews24