ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৮২ রানে জিতেছে ডেকান চার্জার্স।
১৪ খেলায় এটি পাঞ্জাবের সপ্তম হার। সমান খেলায় এটি ডেকানের ষষ্ঠ জয়।
ডেকানের এই জয়ের ফলে বিদায় নিল পাঞ্জাব। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনালের চার দল। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেমিফাইনালে ওঠে আগেই। এখন দল দু'টির সঙ্গে যোগ দিল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৭তম খেলায় শনিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট।
ব্যাট করতে নেমে শেখর ধাওয়ানের অপরাজিত ও রবি তেজার অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ১৯৮ রান করে ডেকান। জবাবে গিলক্রিস্টের অর্ধশতকের পরও ১৯ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। ডেকানের পক্ষে অমিত মিশ্র হ্যাট্রিক করেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় একাই লড়াই করেন গিলক্রিস্ট। দলীয় ৮৩ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় পাঞ্জাবের লড়াইয়ের সম্ভাবনা। গিলক্রিস্ট ৩৭ বলে করেন ৫১। তিনি তার ইনিংসটি সাজান ৬টি চার ও ২টি ছয় দিয়ে।
গিলক্রিস্টের বিদায়ের পর বেশি দূর এগোয়নি পাঞ্জাবের পালা। আর ৩৩ রান যোগ হতেই বিদায় নেয় শেষ ৭ উইকেট।
ডেকানের পক্ষে মিশ্র ৪ উইকেট নেন ৯ রানে।
এর আগে ডেকানের ইনিংসের চমৎকার সূচনা করেন ধাওয়ান ও তেজা। উদ্বোধনী জুটিতে ১৩১ রান তোলেন তারা। ৬০ রান করে তেজা বিদায় নিলেও অবিচল ছিলেন ধাওয়ান। তেজা তার ৪১ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে।
শেষ পর্যন্ত ৯৫ রানে অপরাজিত ছিলেন ধাওয়ান। তার ৫৭ বলের ইনিংসে ১৪টি চার ও ১টি ছয় রয়েছে। ১৫ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক ক্যামেরন হোয়াইট। এছাড়া জেপি ডুমিনি করেন ১২।
পাঞ্জাবের পক্ষে রায়ান হ্যারিস ও পল ভালথাটি একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৯ ঘ.
bdnews24