২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"কি চায় পিসিবি?"

শহিদ আফ্রিদির বদলে মিসবাহ-উল-হকের হাতে একদিনের দলের লাগাম তুলে দেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহিদ আফ্রিদির বদলে মিসবাহ-উল-হকের হাতে একদিনের দলের লাগাম তুলে দেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ৩৬ বছর বয়সী মিসবাহ কেবল বদলি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু নিয়মিত অধিনায়ক হিসেবে নয়। একে পিসিবি'র ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করে তিনি বলেন, এ জন্য পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটই দায়ী। পাকিস্তানে কোচরা সব ক্ষমতা হাতে পেতে চান। কিন্তু যখনই তা পান না, তখনোই শুরু হয়ে যায় বিরোধ।" ওয়াসিম বলেন, "টেস্ট অধিনায়ক মিসবাহকে আমি ছয় থেকে আট মাসের মধ্যে একদিনের খেলায় দলকে নেতৃত্ব দিতে দেখিনি।" বিশ্বকাপের ৩০ সদস্যের দলে তাকে নেয়ার কোনো যৌক্তিকতাও ছিল না বলে মনে করেন তিনি। এ মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের একদিনের সিরিজের জন্য পাকিস্তান দলের অধিনায়ক আফ্রিদির বদলে বৃহস্পতিবার মিসবাহ'র নাম ঘোষণা করে পিসিবি। তবে এ পরিবর্তনের কোনো কারণ ব্যাখ্যা দেয়া হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজে দল নির্বাচন নিয়ে কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে আফ্রিদির দ্বন্দ্বে জড়িয়ে পড়াকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপেও অধিনায়ক হিসেবে ওয়াকারের পছন্দ ছিলেন মিসবাহ। মুলত সে সময়ই দু'জনের মধ্যে বিরোধের শুরু। বিশ্বকাপের পর তা ধীরে ধীরে বাড়তে থাকে। আফ্রিদি শেষ একদিনের খেলার জন্য চূড়ান্ত একাদশ গঠন নিয়ে ওয়াকার বাড়াবাড়ি করেন বলে দেশে ফিরে অভিযোগ করেন। অধিনায়ক হিসেবে আফ্রিদিকে সফলই বলা যায়। ৩৪ খেলার মধ্যে জিতেছেন ১৮টিতে। ওয়াসিম বলেন, এই ফলাফলই বলে দেয় 'তুচ্ছ কারণে' আফ্রিদিকে সরিয়ে দেয়া হয়েছে। ওয়াসিম বলেন, "পাকিস্তানের ক্রিকেটে কোচ-অধিনায়ক দ্বন্দ্ব নতুন ঘটনা নয়। বিশ্বকাপের পর দেশে আফ্রিদি নায়কের মতো প্রশংসিত হয়েছেন। আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ জেতার পর বরখাস্ত হলেন। আসলে কি চায় পিসিবি?" একা ওয়াসিম নন সাবেক টেস্ট ক্রিকেটার আব্দুল কাদির, সাবেক প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদও বোর্ডের সমালোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৪১ ঘ.