ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেল মারা গেছেন।
পামেল (৪৪) ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
সংক্ষিপ্ত কর্মজীবনে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার, ডেইলি ইনডিপেনডেন্ট ও বিভিন্ন পত্রিকায় ক্রীড়া সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করেছেন পামেল। ২০০৯ সালের এপ্রিলে সাধারণ সম্পাদক হিসেবে যোগ দেন ফুটবল ফেডারেশনে।
ক্যান্সারে আক্রান্ত পামেল গত দুই মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে 'লাইফ সাপোর্ট' দিয়ে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়। শুক্রবার ভোর ৬টার দিকে তিনি মারা যান।
শুক্রবার সকালে পামেলের মরদেহ তাদের লালমাটিয়ার বাসায় নিয়ে যাওয়ার পর আত্মীয় ও বন্ধুরা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। এরপর লাশ নিয়ে যাওয়া হয় মধুবাগে তার পৈত্রিক বাড়িতে। জুমার পর মধুবাগ মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে।
কর্মজীবনে পামেলের প্রায় প্রতিদিনের ঠিকানা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। শনিবার দুপুর ১২টায় সেখানেই হবে তার শেষ জানাজা। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে পামেলকে।
পামেল ফুটবলপ্রেমী হলেও, ক্রিকেটের প্রতিও ছিলো তার গভীর অনুরাগ। লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে নিয়ে তার একটি অনুবাদ গ্রন্থও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/কেএমএস/জেকে/১৮৩৪ ঘ.
bdnews24