২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে রাজশাহী

একপেশে খেলায় সিলেটকে ৭ উইকেটে হারিয়ে ৩১তম আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে উঠেছে রাজশাহী। তখনো হাতে ছিলো ৫২ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একপেশে খেলায় সিলেটকে ৭ উইকেটে হারিয়ে ৩১তম আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে উঠেছে রাজশাহী। তখনো হাতে ছিলো ৫২ বল। শুক্রবার চূড়ান্ত খেলায় ময়মনসিংহের বিপক্ষে খেলবে রাজশাহী। এর আগে প্রথম সেমিফাইনালে ময়মনসিংহ ২ রানে হারায় কুমিল্লাকে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ইজাজ আহমেদের অর্ধশতকের পরও ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রান করে সিলেট। জবাবে মিজানুর রহমানের অপরাজিত শতক ও আসিফ নাঈমের অর্ধশতকের সুবাদে ৪১ ওভার ২ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ১৯৭ রানে পৌঁছে যায় রাজশাহী। লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ঝড়ো সূচনা এনে দেন মিজান ও আসিফ। ২৪ ওভার ৪ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে তারা তোলেন ১৪০ রান। অর্ধশতকে পৌঁছেই আসিফ (৫১) বিদায় নিলেও অবিচল ছিলেন মিজান। আসিফের ৭২ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। মিজান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৫ রানে। তিনি তার ১১৩ বলের ইনিংসটি সাজান ১৩টি চার ও ৩টি ছয় দিয়ে। অন্যপ্রান্তে ২৪ রানে অপরাজিত ছিলেন ইশহারুল ইসলাম। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে এ দুজন ৩৯ রান যোগ করে দলকে ৭ উইকেটের জয় এনে দেন। সিলেটের পক্ষে আইয়ুব উল্লাহ ২ উইকেট নেন ৪০ রানে। এর আগে ইজাজ ও আইয়ুব ষষ্ঠ উইকেট জুটিতে ৯৫ রান তোলে সিলেটকে লড়াই করার পুঁজি গড়ে দেন। দলীয় ১৭৩ রানের মাথায় আইয়ুব (৩৬) বিদায় নিলে খেলায় বেশ ভালোভাবে ফিরে আসে রাজশাহী। এরপর বেশিক্ষণ টেকেননি ইজাজও। সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৬৫ রান। দলের রান তখন ১৮১। তার ৭১ বলের ইনিংসে ৩টি চার ও ৩টি ছয় রয়েছে। ইজাজের বিদায়ের পর সিলেট ৩ উইকেট হারিয়েছে ১৫ রানে। এর আগে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। এক পর্যায়ে ২৫ ওভার ৩ বলে ৭৮ রান তোলতে হারায় ৫ উইকেট। উপরের সারির পাঁচ ব্যাটসম্যানের দু'জন রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। দুজন শুরু করেও পারেন নি নিজেদের ইনিংসকে বড় করতে। রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম ৪ উইকেট নেন ৩৩ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০২ ঘ.