অনীক মিশকাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারবার দলবদলের পরও ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এখনো শুরু হয়নি।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট পরিষদ নয়, প্রিমিয়ার লিগে অংশ নেয়া দলগুলোর কর্মকর্তারা এ বছরের লিগ অক্টোবরে ও আগামী বছরের লিগ ফেব্র"য়ারি-মার্চে আয়োজন করতে চান। তবে রেলিগেশন ও আর্থিক সঙ্কটের কারণে শেষ পর্যন্ত লিগ মাঠে গড়াবে কি না, সে ব্যাপারে শঙ্কা রয়ে গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক পঞ্জিকা-বর্ষে দু'টো লিগ আয়োজনের পক্ষে নয় বলে জানিয়েছেন পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু।
চারবার দল বদলের পরও লিগ শুরু না হওয়ায় খেলোয়াড়রা জেলা ক্রীড়া সংস্থা, ক্রিকেট পরিষদ ও ক্লাব কর্মকর্তাদের দায়ী করছেন। অন্যদিকে কর্মকর্তারা দায়ী করছেন ক্রিকেটারদের।
কর্মাকর্তারা দাবি করছেন, আর্থিক দিক দিয়ে ক্রিকেটাররা ক্লাবগুলোকে জিম্মি করে রেখেছে। খেলার জন্য তারা অনেক বেশি অর্থ দাবি করছেন। অন্যদিকে খেলোয়াড়রা বলছেন, নামমাত্র টাকা, প্রয়োজনে বিনা পয়সায় তারা খেলতে রাজি। তারপরও লিগ হোক।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও শাপলা ক্রিকেট ক্লাবের কর্মকর্তা অধ্যাপক ইউসুফ আলী খান পাঠান বলেন, লিগ না হওয়ার মূল কারণ আর্থিক সমস্যা। এছাড়া কিছু গৌণ কারণ রয়েছে। তবে সেগুলো কি তা তিনি পরিষ্কার করে বলেননি।
ইউসুফ বলেন, "যে যার স্বার্থ দেখছেন, এটাও সঙ্কটের একটা কারণ। ক্রিকেট পরিষদের কয়েকজন কর্মকর্তা রেলিগেশনের পক্ষে। এই কর্মকর্তাদের দল নেই সুতরাং রেলিগেশন থাকা, না থাকায় তাদের কিছু যায় আসে না। তারা বলেই খালাস।"
তিনি অভিযোগ করেন, কোনো কোনো দল অতিরিক্ত অর্থ দিয়ে খেলোয়াড় দলে ভিড়িয়েছে। এতে অন্য দলগুলো বিপদে পড়েছে।
এবার রেলিগেশন চাননি প্রিমিয়ার লিগের দলগুলোর কর্মকর্তারা। যুক্তি হিসেবে তারা বলেছেন, "এতো টাকা খরচ করে দল বানানো হয়। কেন দল রেলিগেশনে পড়বে। আমরা চেয়েছি এবার ৯ দলই থাকুক। পরেরবার বিবেচনা করা যাবে। প্রথম বিভাগ থেকে এক দল প্রিমিয়ার ডিভিশনে উঠুক।"
কিন্তু রেলিগেশন থাকা উচিত বলে মনে করছেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, "রেলিগেশন ছাড়া লিগ আয়োজন করা ঠিক হবে না।
তবে তা মানতে নারাজ ইউসুফ। প্রশ্ন তোলেন, কেন রেলিগেশন লাগবে? কে বলেছে রেলিগেশন থাকতে হবে? কোন কোন জেলায় রেলিগেশন আছে? লিপুসহ যারা রেলিগেশন থাকতে হবে বলছেন, না জেনেই বলছেন।
এদিকে ময়মনসিংহ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক আনিসুর রহমান প্রিন্স বলেছেন, "আমরা চাই লিগ হোক। প্রয়োজনে বিনা পয়সায় খেলবো। তবে রেলিগেশন থাকতে হবে। নয়তো প্রথম বিভাগের দলগুলোর মধ্যে অনুপ্রেরণা থাকবে না।"
তিনি বলেন, সময় মত লিগ শুরু করার জন্য আমরা স্থানীয় সংসদ সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ক্রিকেট পরিষদের সভাপতির সঙ্গে কথা বলেছি। এই দাবিতে ১২ মার্চ মানববন্ধনও করা হয়।
সঙ্কটের সমাধান করার দায়িত্বে আছে ক্রিকেট পরিষদ। কিন্তু পরিষদ এর মধ্যে কোনো সভা করেছে কিনা তা মনে করতে পারেননি ইউসুফ। তারপরও তিনি আশা করছেন সঙ্কটের সমাধান সম্ভব।
এদিকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট না হওয়ায় আটকে গেছে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ।
ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশনে ৯টি, প্রথম বিভাগে ১৩টি ও দ্বিতীয় বিভাগে ৬৮টি দল রয়েছে। এতে খেলেন প্রায় ১৪০০ ক্রিকেটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৫৯ ঘ.
bdnews24