ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুনা ওয়ারিয়র্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ডেকান চার্জার্স। তখনো হাতে ছিল ৪ বল।
১৩ খেলায় এটি ডেকানের পঞ্চম জয়। এ জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে পুনাকে সরিয়ে তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে পাঞ্জাব। ১২ খেলায় ৮ পয়েন্ট নিয়ে পুনা রয়েছে নবম স্থানে। এটি তাদের অষ্টম হার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬২তম খেলায় সোমবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডেকানের অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৬ রান করে পুনা। জবাবে ১৯ ওভার ২ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১৩৭ ছাড়িয়ে ১৩৮ রানে পৌঁছে যায় ডেকান।
রান তাড়া করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন শেখর ধাওয়ান ও সানি সোহাল। শেখর (২৮) যুবরাজ সিংয়ের বলে বিদায় নেয়ার আগে ৮ ওভার ১ বলে তোলেন ৬৭ রান। এরপর বেশিক্ষণ খেলতে পারেননি সোহালও।
দলীয় ৭৩ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। সোহালের ২৮ বলের ইনিংসে ২টি চার ও ২টি ছক্কা রয়েছে।
শক্ত ভিত্তি পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি সাঙ্গাকারা (২৫) ও জেপি ডুমিনি (২৩)। তবে দু'জনই ২০-এর কোঠায় গিয়ে সাজঘরে ফিরলে সহজ ম্যাচ কঠিন হয়ে যায়।
শেষ পর্যন্ত দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন ড্যান ক্রিশ্চিয়ান ও ভারত চিপলি। ক্রিশ্চিয়ান ১৪ ও চিপলি ৫ রানে অপরাজিত ছিলেন।
পুনার পক্ষে রাহুল শর্মা ২ উইকেট নেন ২৫ রানে।
এর আগে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৪৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে পুনা।
দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন মিচেল মার্শ ও ওয়েন পার্নেল। শেষ বলে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে পার্নেল করেন ১৬। এর আগে ওই ওভারের দ্বিতীয় বলে দলীয় ১২৭ রানের মাথায় বিদায় নেন মার্শ (৩৭)। তার ২৮ বলের ইনিংসে ১টি চার ও ৩টি ছয় রয়েছে।
পুনার প্রথম ছয় ব্যাটসম্যানের তিনজনই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। তাদের মধ্যে দু'জন ফেরেন রানের খাতা খোলার আগেই। জেসি রাইডার ১৮, মনিশ পান্ডে ২৩ ও অধিনায়ক যুবরাজ সিং ২৩ রান করেন।
ডেকানের পক্ষে ক্রিশ্চিয়ান, অমিত মিশ্র ও প্রজ্ঞান ওঝা নেন ২টি করে উইকেট। এজন্য ক্রিশ্চিয়ান দেন ১৩ রান। মিশ্র ২৬। ওঝা ৩৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০০৪ ঘ.
bdnews24