২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিসবাহ-শফিক জুটি ভাঙতে পারলেই কাজ হয়ে যাবে'

পাকিস্তানের বিপক্ষে জয় থেকে দল মাত্র 'এক উইকেট' দূরে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার রবি রামপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে জয় থেকে দল মাত্র 'এক উইকেট' দূরে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার রবি রামপল। তৃতীয়দিন অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মিসবাহ উল হক ও আসাদ শফিক ৭৮ রান যোগ প্রাথমিক ধাক্কা সামলে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে এসেছেন। জয়ের জন্য শেষ ৭ উইকেটে পাকিস্তানকে করতে হবে ১৩৯ রান। সময় আছে পুরো দু'দিন। মিসবাহ ৩৪ ও শফিক ৪০ রানে ব্যাট করছেন। রামপল বলেন, "এই জুটি ভাঙতে পারলেই কাজ হয়ে যাবে।" "বল শুরু থেকেই সুইং করছিল। আর আমি জায়গা মতোই বল ফেলতে পারছিলাম। রোববার সকালে আমরা ঠিকই ফিরে আসবো। কোনো সন্দেহ নেই পাকিস্তানের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হবে, " বলেন তিনি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট নেন রামপল। তিনি বলেন, "বোলাররা উইকেট থেকে বেশ সুবিধা পাচ্ছেন। এ খেলায় জেতার ব্যাপারে আমরা আশাবাদী।" বল হাতে চমৎকার সময় কাটছে রামপলের। টেস্টের প্রথম ইনিংসে নেন ৩ উইকেট। পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নেন তিনি। ভালো খেলার জন্য রামপল কৃতিত্ব দেন দলের কোচ ওটিস গিবসনকে। তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার সময় গত বছর আমি আহত হই। এরপর আমি কোচের (গিবসন) সঙ্গে কথা বলি। তিনি আমাকে বলেন যে আমার ফিটনেসের উন্নতি করতে হবে। এতে বলের গতিও অনেক বাড়ানো সম্ভব বলে জানান তিনি।" "তিনি যা বলেছিলেন সেগুলো নিয়ে আমি কাজ করে আসছি। তার সঙ্গে আমি কঠোর পরিশ্রম করছি। এর ফল আসতে শুরু করেছে। তিনি আমাদের প্রয়োজনীয় পরামর্শ দেন, সহজ কথায় কাজগুলো অনেক সহজ করে দেন," বলেন রামপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১২৬ ঘ.