ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের পাঁচদিনের চূড়ান্ত খেলার দ্বিতীয় পালায় রাজশাহী বিভাগ কোনো উইকেট না হারিয়ে ৫১ রান করেছে। জয়ের জন্য শেষদিন দলটির প্রয়োজন আরো ২৪৬ রান।
জুনায়েদ সিদ্দিক ৩১ ও জহুরুল ইসলাম ১৯ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থদিন শুক্রবার দ্বিতীয় পালায় আনামুল হক ও মেহরাব হোসেনের শতকের সুবাদে ঢাকা বিভাগ সব উইকেট হারিয়ে করে ৩৩০। এতে দুই পালা মিলে ২৯৬ রানে এগিয়ে যায় দলটি।
আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহরাব হোসেন জুনিয়র চতুর্থদিন সকালে দেখেশুনে খেলা শুরু করেন। দলীয় ১২৫ রানের মাথায় মাহমুদুল্লাহ (৩০) বিদায় নিলে দিনের প্রথম উইকেট হারায় ঢাকা।
এরপর মাঠে নামেন আগেরদিন চোট পেয়ে মাঠ ছাড়া আনামুল। পঞ্চম উইকেট জুটিতে আনামুল ও মেহরাব ১৬৬ রান তুলে দলকে ভালোভাবেই খেলায় ফিরিয়ে আনেন। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে আনামুল করেন ১১৮ রান।
তিনি তার ১৮১ বলের ইনিংসটি সাজান ১১টি চার ও ১টি ছক্কা দিয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার দ্বিতীয় শতক। এবারের আসরেই শতক দু'টো হাঁকান তিনি।
কিছুক্ষণ পর বিদায় নেন মেহরাবও। ১১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলের রান তখন ৩১৯। পরের দিকের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে না পারায় বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ৩৩০ রানে থেমে যায় ঢাকার পালা। দলটি শেষ ৫ উইকেট হারায় ৩৯ রানে।
মেহরাবের ২৭৯ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছয় রয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি মেহরাবের সপ্তম শতক। এবারের আসরে দ্বিতীয়।
রাজশাহীর পক্ষে সাকলায়েন সজীব ৫ উইকেট নেন ১০৯ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এনিয়ে ১১ বার ইনিংসে ৫ উইকেট নিলেন সজীব। এবারের আসরে নিলেন তৃতীয়বার।
এর আগে প্রথমদিন রিয়াদের ৫৭ ও ইলিয়াস সানির ৫৫ রানের সুবাদে প্রথম ইনিংসে ঢাকা ২৮০ রান করে। রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ও সাকলায়েন সজীব ৩টি করে উইকেট নেন। এজন্য রেজা দেন ৪১ রান। সজীব ৯২।
নিজেদের প্রথম ইনিংসে নাঈম ইসলামের ১১২ ও ধীমান ঘোষের ৭৫ রানের সুবাদে রাজশাহী করে ৩১৪ রান। ঢাকার পক্ষে শাহাদাত হোসেন ৫ উইকেট নেন ৮২ রানে। মোহাম্মদ শরীফ ৩ উইকেট নেন ৬২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৪৭ ঘ.
bdnews24