ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি প্রতিটি টেস্টে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (আরডিএস) চালু করার পক্ষে মত দিয়েছে।
লর্ডসে বুধবার কমিটির দু'দিনের সভা শেষে আইসিসির নির্বাহী কমিটির অনুমোদনের জন্য বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে ক্রিকেট কমিটি।
এসব প্রস্তাব নিয়ে নির্বাহী কমিটিসহ সংশ্লিষ্ট বোর্ড আইসিসির হংকং সভায় আলোচনা করবে। এই সভা হবে জুনের ২৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত।
সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (আরডিএস)
কমিটির সভায় প্রতিটি টেস্ট ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পুনরায় যাচাই করে দেখা বা আরডিএস ব্যবহারের পক্ষে মত দেয়া হয়েছে। একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে আরডিএস ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চায় কমিটি। দুবার নয়, একবার আম্পায়ারের সিদ্ধান্ত যাচাই করে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দল এই সুযোগ আর পাবে না।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩১টি টেস্টে আরডিএস ব্যবহার করা হয়। এতে প্রতি ইনিংসে দু'বার আম্পায়ারের সিদ্ধান্ত যাচাই করে দেখার সুযোগ পায় দলগুলো।
একদিনের ক্রিকেট
ব্যাটিং ও বোলিং পাওয়ার প্লে নিতে হবে ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটের আগে ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়মগুলো চালু করার সুপারিশ করেছে কমিটি।
একদিনের ক্রিকেটে বোলারদের কোটা উঠিয়ে দেয়ার পক্ষে মত দিয়েছে কমিটি। 'পাওয়ার প্লে' নয়, এমন ওভারে সর্বোচ্চ চারজন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবেন। বোলাররা একটির বদলে দু'টো বাউন্সার দিতে পারবেন।
একদিনের ক্রিকেটে প্রতি ইনিংসে দু'টো বল ব্যবহারের পক্ষে মত দিয়েছে কমিটি। প্রতি প্রান্তে নতুন দু'টো বল দিয়ে খেলা শুরুর পক্ষে কমিটি। বর্তমানে একটি বল দিয়ে খেলা হয়। ৩৪ ওভার পর বদলানো হয় বল।
দিন-রাতের টেস্ট ক্রিকেট
কমিটি মনে করছে দিন-রাতের টেস্ট ক্রিকেটে গোলাপী রঙের বল হতে পারে সবচেয়ে কার্যকর। তবে এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে বলটি আরো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার পক্ষে মত দিয়েছে কমিটি।
কমিটি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারার পাশাপাশি ব্যাটসম্যানরা ইচ্ছা করে সময় নষ্ট করলে আরো কঠোর শাস্তির প্রস্তাব দিয়েছে।
ক্রিকেট কমিটির সভায় উপস্থিত ছিলেন ক্লাইভ লয়েড (চেয়ারম্যান), মার্ক টেলর, গ্যারি কার্স্টেন, রবি শাস্ত্রী, ইয়ান বিশপ ও ক্লারে কনর। কমিটির পরের সভা হবে এ বছরের নভেম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩২৬ ঘ.
bdnews24