ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচ ওয়াকার ইউনুসের বিরুদ্ধে তোলা অভিযোগের কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পাঠানো নোটিশের জবাব দেবেন একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদি।
তিনি বলেন, "আমি বোর্ডের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। বৃহস্পতিবার এর জবাব দেবো।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের খেলায় মূল একাদশ নির্বাচন নিয়ে ওয়াকার বাড়াবড়ি করেছেন বলে দেশে ফিরে অভিযোগ করেন আফ্রিদি। তার ভাষায়, " মূল একাদশ নির্বাচন নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। আমার মনে হয় প্রত্যেকেরই তার নিজের কাজ করা উচিত এবং অন্যের কাজে নাক গলানো ঠিক না।"
পরে পিসিবি আফ্রিদির মন্তব্যের যথাযথ ব্যাখ্যা চেয়ে তার কাছে একটি নোটিশ পাঠায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ একদিনের সিরিজ পাকিস্তান জেতে ৩-২ ব্যবধানে।
বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার সময় থেকে ওয়াকার ও আফ্রিদির মধ্যে বিরোধ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১৮ ঘ.
bdnews24