২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান ও বিকেএসপির জয়

মেয়েদের ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে মোহামেডান। দিনের অন্য খেলায় ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে মোহামেডান। দিনের অন্য খেলায় ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মোহামেডান-ওরিয়েন্ট সিটি ক্রিকেট গ্রাউন্ডে এ গ্র"পের খেলায় সোমবার ওরিয়েন্টকে ৯ উইকেটে হারিয়েছে মোহামেডান। তখনো হাতে ছিল ৪২ ওভার ৫ বল। টস জিতে ব্যাট করতে নেমে ২৬ ওভারে সব উইকেট হারিয়ে ৬৭ রান করে ওরিয়েন্ট। জবাবে ৭ ওভার ১ বলে ১ উইকেটে জয়ের লক্ষ্য ৬৮ রানে পৌঁছে যায় মোহামেডান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কেবল শুকতারা রহমানের (১০) উইকেটটি হারিয়েছে মোহামেডান। দলীয় ২৩ রানে শুকতারা বিদায় নেয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক সালমা খাতুন ও শায়লা শারমীন দলকে বড় জয় এনে দেন। শেষ পর্যন্ত সালমা ৩৪ ও শায়লা ১৭ রানে অপরাজিত থাকেন। সালমা তার ২৩ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। এর আগে বল হাতেও ওরিয়েন্টকে নাকাল করেন সালমা। ৪ উইকেট নেন মাত্র ১০ রানে। ভালো বল করেছেন দলের অন্য বোলাররাও। দু'টো করে উইকেট নেন শুকতারা, তাহিন তাহেরা ও শায়লা। এ জন্য শুকতারা দেন ২ রান। তাহিন দেন ১৪। শায়লা ১৪। প্রথমে ব্যাট করতে নেমে ওরিয়েন্টের পক্ষে একমাত্র নাজনীন নাহারই যা একটু লড়াই করেছেন। সর্বোচ্চ ২৮ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া সুধা রানী রায় করেন ১১। দলের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। আর পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। বিকেএসপি-ইন্দিরা রোড গুলশান ইয়ুথ গ্রাউন্ডে সোমবার বি গ্র"পের খেলায় ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ২৬৪ রানে হারিয়েছে বিকেএসপি। টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক শারমীন আক্তার ও ফারজানা হকের শতকের সুবাদে ৬ উইকেটে ৩২৩ রান করে বিকেএসপি। জবাবে ১৫ ওভার ৩ বলে ৫৯ রানে গুটিয়ে যায় ইন্দিরা রোডের পালা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্নের মতো যাত্রা শুরু করে ইন্দিরা রোড। প্রথম ৩ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে কেবল ১ রান। শুরুর এই বিপদ আর শেষ পর্যন্ত সামাল দিয়ে উঠতে পারেনি দলটি। ইন্দিরা রোডের পক্ষে একমাত্র কামরুণ নাহার (১২) পৌঁছান দুই অঙ্কের ঘরে। বিকেএসপির পক্ষে মুরশেদা খাতুন ৪ উইকেট নেন ১৫ রানে। বিকেএসপির ইনিংসের প্রায় পুরোটা জুড়ে ছিলেন শারমীন ও ফারজানা। তৃতীয় উইকেট জুটিতে ২০১ রান তুলে তারা দলকে নিয়ে যান শক্ত স্থানে। শারমীনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১০৭ রান। তিনি তার ১০৪ বলের ইনিংস সাজান ১৭টি চার দিয়ে। দলীয় ২৭৫ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ফারজানা করেন ১০১ রান। তার ৯০ বলের ইনিংসে রয়েছে ১৪টি চার। এছাড়া পাঁচ নম্বর ব্যাটসম্যান নুজাত তাসনিয়া করেন ৪৩ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৪৫ ঘ.