ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের কোচ ডানকান ফ্লেচার নির্বাচক কমিটির সভায় অংশ নিতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল গঠনের জন্য শুক্রবার চেন্নাইয়ে সভায় বসবেন ভারতের নির্বাচকরা।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, সভায় যোগ দেয়ার জন্য শুক্রবার ফ্লেচার চেন্নাই পৌঁছাতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি টেস্ট, ৫টি একদিনের ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
বৈঠকে ফ্লেচারের যোগ দেয়া নিয়ে এতো রাখঢাক কেন? এই প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, "বিসিসিআই ফ্লেচারের ব্যাপারে খুবই সতর্ক। তাকে প্রচার মাধ্যমের নজরের বাইরে রাখতে চায় তারা। প্রচার বিমুখ ফ্লেচার এটাই পছন্দ করেন। ইংল্যান্ড দলের দায়িত্বে থাকার সময়ই তিনি তার এ মনোভাব স্পষ্ট করে দেন।"
জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় ফ্লেচার দুই বছর ভারত দলকে প্রশিক্ষণ দেবেন। তিনি গ্যারি কার্স্টেনের স্থলাভিষিক্ত হন।
এ পর্যন্ত ভারতের কোনো 'সিনিয়র' ক্রিকেটার ওই সফরের জন্য বিশ্রাম চাননি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বিশ্বকাপ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ভারতের ক্রিকেটাররা টানা খেলার মধ্যে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৫০ ঘ.
bdnews24