ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সিলেট বিভাগ ও খুলনা বিভাগ।
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৮ উইকেটে হারায় সিলেট। একই মাঠে দিনের অন্য খেলায় চট্ট্রগামের বিপক্ষে ৬০ রানে জিতেছে খুলনা।
মঙ্গলবার একই মাঠে চূড়ান্ত খেলায় মাঠে নামবে সিলেট ও খুলনা।
বিকেএসপি-সিলেট
টস জিতে ব্যাট করতে নেমে ৩১ ওভারে সব উইকেট হারিয়ে ৮৪ রান করে বিকেএসপি। সব চেয়ে বেশি ২১ রান আসে কাজী অনীকের ব্যাট থেকে। এছাড়া আসিফ হোসেন করেন ১২। দলের আর কোনো ব্যাটসম্যান দু'অঙ্কে পা রাখতে পারেননি।
সিলেটের পক্ষে শাকের আহমেদ ৩ উইকেট নেন ২০ রানে। রায়হান আহমেদ ও জামশেদ নেন ২টি করে উইকেট। এ জন্য রায়হান দেন ১৮ রান। জামশেদ ২০।
রান তাড়া করতে নেমে সজীবের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ১৩ ওভার ৩ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ৮৫ রানে পৌঁছে যায় সিলেট। শেষ পর্যন্ত সজীব ৪২ রানে অপরাজিত ছিলেন। তিনি তার ৩৬ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। তখন অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত ছিলেন জাকির। এছাড়া আশরাফুল ৯ ও রায়হান ৬ রান করেন।
বিকেএসপির আসিফ ও ইয়াসিন আরাফাত একটি করে উইকেট নেন। এজন্য আসিফ দেন ২৩ রান। ইয়াসিন ২৬।
খুলনা-চট্টগ্রাম
চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রানা বিশ্বাস ও ফারদীনের অর্ধশতকের পরও ৪৯ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে খুলনা করে ১৯৪ রান।
তৃতীয় উইকেট জুটিতে এ দুজন রান তোলেন ৯৩ রান।
রানার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। তার ৮১ বলের ইনিংসে রয়েছে ৯টি চার। এছাড়া ফারদীন করেন ৫৪। তিনি তার ১০২ বলের ইনিংসটি সাজান ৩টি চার দিয়ে।
চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান ৩ উইকেট নেন ৩২ রানে।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে চট্টগ্রাম। শুরু করেও ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস বড় করতে পারেননি।
আলাউদ্দিন গাজীর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৪ রান। এছাড়া সাদিক ১৬, তুষার ইমরান ১৫ ও ইমরান হোসেন ১৪ রান করেন।
খুলনার পক্ষে আবু তালহা ৪ উইকেট নেন ২৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৩৮ ঘ.
bdnews24