২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলকেও বিদায় জানাচ্ছেন ওয়ার্ন

খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) বিদায় জানাচ্ছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক শেন ওয়ার্ন। এটিই তার শেষ মৌসুম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) বিদায় জানাচ্ছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক শেন ওয়ার্ন। এটিই তার শেষ মৌসুম। তবে আসছে মৌসুমে রাজস্থানের কোচ কিংবা উপদেষ্টা হিসেবে তাকে দেখা যেতে পারে। ওয়ার্ন টুইটারে লিখেছেন, "হ্যাঁ, খেলোয়াড় হিসেবে এটিই আইপিএলে আমার শেষ মৌসুম।" এরপর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শেষ দুই খেলায় মাঠে এসে সমর্থন দিন। আপনাদের সমর্থন আমাদের খুব দরকার।" আইপিএল থেকে বিদায় নেয়ার পর আর কোনো পেশাদার ক্রিকেট প্রতিযোগিতায় খেলোয়াড় হিসেবে তাকে দেখা যাবে না বলেও ওয়ার্ন নিশ্চিত করেছেন। "আশা করি, আপনারা আমার খেলা উপভোগ করেছেন," বলেন ওয়ার্ন। তিনি তার ক্রিকেট-জীবনের উত্থান-পতনে যারা পাশে ছিলেন তাদের সবাইকে অভিনন্দনও জানান। আইপিএলের শুরু থেকেই রাজস্থানকে নেতৃত্ব দিয়ে আসছেন ওয়ার্ন। প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান অবশ্য পরের দুই আসরে খুব একটা সুবিধা করতে পারেনি। চলতি আসরে এখন দলটি রয়েছে পয়েন্ট তালিকার চার নম্বরে। ওয়ার্ন দলটির হয়ে ৫২ ম্যাচ খেলেন। ২৪.৬৬ গড়ে উইকেট নেন ৫৬টি। প্রথম আসরের দলের ছায়া এবারের দলটিতে দেখছেন ওয়ার্ন। এ প্রসঙ্গে তিনি বলেন, "এই দলের মানসিকতা আইপিএলে আমাদের প্রথম আসরের দলের মতোই। আমরা যেভাবে তরুণ ক্রিকেটারদের গড়ে তুলছি তাতে আমি গর্বিত।" অবসরের ঘোষণা দিলেও ওয়ার্ন এ কথা পরিস্কার করে জানিয়েছেন যে তিনি রাজস্থান ছাড়ছেন না। খেলোয়াড় হিসেবে না হলেও সামনের দিনগুলোর জন্য ওয়ার্নকে ধরে রাখতে চায় রাজস্থানও। দিতে চায় তরুণদের পথ দেখানোর গুরু দায়িত্ব। রাজস্থানের প্রধান বিপণন কর্মকর্তা রঘু আয়ার বলেন, "ওয়ার্ন সেই শুরু থেকে রাজস্থানের সঙ্গে আছেন। তরুণ প্রতিভাদের পথ দেখিয়ে রাজস্থানকে অদম্য শক্তিশালী একটি দলে রুপান্তর করার সামর্থ্য তার আছে। তাই আমরা তাকে পাশে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫২ ঘ.