২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের দায়িত্বেই থাকছেন ফ্লাওয়ার

ইংল্যান্ডের কোচ হিসেবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কোচ হিসেবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আলাপ-আলোচনার পর ইংল্যান্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এখন তিনি শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য দলকে প্রস্তুত করবেন। ২০০৯ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেন জিম্বাবুয়ের সাবেক এই ব্যাটসম্যান। তার অধীনেই টান দুবার অ্যাশেজ সিরিজ জেতে ইংল্যান্ড। তার সময়েই টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড ৬ নম্বর থেকে ৩ নম্বরে উঠে আসে। তাদের আগে আছে শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফ্লাওয়ারের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০১০ এর টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে ইংল্যান্ড। এটা ইংল্যান্ডের প্রথম বিশ্বমানের কোনো শিরোপা। ফ্লাওয়ারের ধারাবাহিক সাফল্যের কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নজর পড়ে তার দিকে। বিসিসিআই ফ্লাওয়ারকে তাদের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি ক্রিস্টেনের স্থলাভিষিক্ত করতে চেয়েছিলো। ইংল্যান্ডের 'টাইট শিডিউলের' কারণে গতবছর বেশির ভাগ সময় দলের সঙ্গে দেশের বাইরে থাকতে হয় ফ্লাওয়ারকে। পরে পরিবারকে পর্যাপ্ত সময় দেয়ার জন্য ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন ফ্লাওয়ার। তবে ইসিবি নতুন চুক্তিতে তাকে এই বিষয়ে ছাড় দেয়ায় শেষ পর্যন্ত ইংল্যান্ডেই থেকে যাচ্ছেন ফ্লাওয়ার। ফ্লাওয়ার বলেন, "আমাকে আমার চাহিদা অনুযায়ী সুযোগ দেয়ার আমি খুবই আনন্দিত। এখন আমি দলগঠনের দিকে মনযোগ দেব। আর আমি নিশ্চয়তা দিচ্ছি যে বিশ্বের এক নম্বর দল হতে যা যা করতে হয় তার সবাই আমি করবো।" "২০০৯ সালে আমি যখন ইংল্যান্ড দলের কোচ হিসেবে নিয়োগ পাই তখন আমার লক্ষ্য ছিলো ইংল্যান্ডকে বিজয়ী দল হিসেবে তৈরি করা। আমি খুব খুশি যে গত দুই বছরে সব ধরণের ক্রিকেটেই আমরা অনেক এগিয়েছি। এর মধ্যে অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় উল্লেখযোগ্য। তবে এখনো অনেক কিছু জয় করার বাকী আছে।" ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক হিউজ মরিস বলেন, "ইংল্যান্ডের কোচ হিসেবে অ্যান্ডি দলের উন্নতিতে অনেক অবদান রেখেছে। তিনি আমাদের এখানে থেকে যেতে রাজি হওয়ায় আমি খুবই আনন্দিত। আমি জানি আগামীতেও তিনি দলের উন্নতি অনেক অবদান রাখবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫১ ঘ.