২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানেরিয়ার ব্যাখ্যার অপেক্ষায় পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লেগস্পিনার দানিশ কানেরিয়ার ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে। সাসেক্সে কানেরিয়ার বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লেগস্পিনার দানিশ কানেরিয়ার ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে। সাসেক্সে কানেরিয়ার বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছিলো। কানেরিয়া এখন ওই অভিযোগ থেকে মুক্ত। তবে অভিযুক্ত হওয়ার পর থেকেই পাকিস্তান দলের বাইরে আছেন তিনি। তদন্ত চলাকালে সাসেক্স পুলিশকে দেয়া কানেরিয়ার জবানবন্দী চায় পিসিবি। পিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, "কানেরিয়ার কাছে সাসেক্সে তদন্ত চলাকালে পুলিশকে দেয়া জবাবনবন্দী চেয়েছিলো পিসিবি। তবে এখন পর্যন্ত তিনি তা করেননি।" এদিকে কানেরিয়ার ঘনিষ্ট একজনের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো বলেছে, কানেরিয়া অনেকবারই পিসিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তবে কোনো সাড়া পাননি। তাছাড়া কাউন্টি ক্রিকেটে তার নামে অভিযোগ উঠেছিলো তার মীমাংসা হয়েছে। ২০১০ এর গ্রীষ্ম থেকে কানেরিয়া পাকিস্তান দলে উপেক্ষিত। কানেরিয়া পাকিস্তানের তিন ক্রিকেটারের একজন যাদের পাকিস্তানের হয়ে খেলার জন্য ছাড়পত্র প্রয়োজন। অন্য দুই ক্রিকেটার হলেন শোয়েব মালিক ও কামরান আকমল। এদের ব্যাপারে তদন্ত করতে গিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে ৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষ করে পিসিবি। শেষ পর্যন্ত একা কামরান ডাক পান প্রাথমিক দলে। আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দুই টেস্টের প্রথম দলে ছিলেন কানেরিয়া। কিন্তু বিমানবন্দর ছাড়ার পূর্ব মুহূর্তে জানানো হয় খেলার ছাড়পত্র নেই কানেরিয়ার। এছাড়া গত মাসে পিসিবি ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন কানেরিয়া। মুখ ফিরিয়ে নিয়েছে সাসেক্সও। নতুন মৌসুমে কানেরিয়াকে বাদ দিয়ে বিদেশি খেলোয়াড় হিসেবে দলভূক্ত করেছে দক্ষিণ আফ্রিকার লনওয়াবো তসোতসোবেকে। কানেরিয়ার আইনজীবী স্টিভ হোরিগান অভিযোগ করেছে পিসিবি কানেরিয়াকে সহায়তা করতে অনিচ্ছুক। "আমরা জানতে চাই ঠিক কি অভিযোগে কানেরিয়াকে দেশের পক্ষে খেলতে দেয়া হচ্ছে না। পিসিবি কখনোই বলেনি তার বিরুদ্ধে অভিযোগ আসলে কি। তারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে দিচ্ছে না তা নয় একই সঙ্গে অন্য দেশেও তার খেলা বন্ধ করে রেখেছে। অনেকেই কানেরিয়াকে দলে নিতে চায় কিন্তু তারা জানে না পিসিবি ঠিক কি করতে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭২৩ ঘ.