ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের ৩৬তম ম্যাচে শনিবার কোচি টাসকার্স কেরালাকে ৩৮ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
কোচির নেহরু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিরেন্দর শেবাগের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৫৭ রান করেছে দিল্লি ডেয়ারডেভিলস। জবাবে ১১৯ রানেরই গুটিয়ে যায় কোচি। খেলেছে ১৮ ওভার ৫ বল।
১৫৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৮ রানেই প্রথম ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে কোচি। এরপর আর খেলায় ফিরতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের।
দলীয় সর্বোচ্চ ৩১ রান করেন রবিন্দ্র জাদেজা। এছাড়া ব্রাড হগ ২৭ ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ১৮ রান করেন।
দিল্লির পক্ষে ৩টি করে উইকেট নেন মরনে মরকেল ও ভন ডার মারউই। এজন্য মরকেল দেন ১৮ রান। মারউই দেন ২০। এছাড়া ২টি করে উইকেট নেন অজিত আগারকার ও ইরফান পাঠান। আগারকার দেন ২৩ রান ও পাঠান দেন ২৭।
এর আগে প্রথমে ব্যাট করতে নামা দিল্লির শুরুটাও ভালো হয়নি। মাত্র ৩৫ রানে তারা ৩ উইকেট হারায়। তবে ব্যাটিং তান্ডব চালিয়ে যেতে াকেন উদ্বোধনী ব্যাটসম্যান ও অধিনায়ক বিরেন্দর শেবাগ। তাকে যর্থা সঙ্গ দেন যোগেশ নাগার ও ট্রাভিস বির্ট।
শেবাগ ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৮০ রান করেন। এছাড়া নাগার ২২ ও বির্ট ২০ রান করেন।
কোচির পক্ষে ১০ রান দিয়ে ২ উইকেট নেন শ্রীশান্ত। এছাড়া রবিন্দ্র জাদেজা, বিনয় কুমার ও রমেশ পাওয়ার ১টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০০ ঘ.
bdnews24