২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ হারলো বাংলাদেশ 'এ' দল

পঞ্চম ও শেষ খেলায় দক্ষিণ আফ্রিকা 'এ' দলের কাছে ৬০ রানে হেরে ৫ ম্যাচের একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 07:50 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ও শেষ খেলায় দক্ষিণ আফ্রিকা 'এ' দলের কাছে ৬০ রানে হেরে ৫ ম্যাচের একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ 'এ' দল। সিরিজের তৃতীয় খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো। হিয়ানো কানের শতকে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ছুড়ে দেওয়া ৩২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৯ ওভার ২ বলে সব কয়টি উইকেট হারিয়ে ২৬০ রান করে বাংলাদেশ 'এ' দল। বেনোনির উইলোমোর পার্কে শুক্রবার দিন-রাতের খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা 'এ'। ৯ ওভারের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান লুটস বসম্যান ও ইমরান খানকে ফিরিয়ে চালকের আসনে বসে যায় আশরাফুলের দল। এরপর অধিনায়ক ডেন এলজারকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন হিয়ানো কান। দলীয় ১৭৬ রানে এলজারকে (৬৬) মোহাম্মদ আশরাফুল বিদায় করে দিলেও রানের চাকা থামে নি। নতুন ব্যাটসম্যান ফন জার্সফেল্ডকে নিয়ে ৬৪ বলে ৮২ রানের জুটি গড়ে তোলেন কান। ৪৬তম ওভারের শেষ বলে আবারও আঘাত হানেন আশরাফুল। জার্সফেল্টকে (৫০) নাসির হোসেনের তালুবন্দি করেন তিনি। শেষ দিকে মোটামুটি ঝড় বয়ে যায় বাংলাদেশ দলের বোলারদের ওপর দিয়ে। কান আর বেইলির তাণ্ডবে শেষ চার ওভারে ৬২ রান তোলে দক্ষিণ আফ্রিকা 'এ' দল। কানের ১২৬ বলে ১৪১ রানের ইনিংসে ১০টি চার ও ৪টি ছয় আছে। বেইলি ৯ বল খেলে ২টি ছয়ের সাহায্যে ২০ রানে অপরাজিত থাকেন। বেড়ধক পিটুনি খাওয়া শাহাদাত হোসেনের ১০ ওভার থেকে আসে ১০৪ রান। অধিনায়ক আশরাফুল ১০ ওভারে ৭৩ রান দিলেও ২টি উইকেট পান। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বাকি দুইটি উইকেট যায় ইলিয়াস সানী ও নাসির হোসেনের দখলে। ৩২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ 'এ'। শুরুতেই নাজিমউদ্দিন(৭) বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়েন সগীর হোসেন ও জুনায়েদ সিদ্দিকী। অর্ধশতক (৫৪) করে সগীর বিদায় নেওয়ার পরপরই আশরাফুলের উইকেট হারায় বাংলাদেশ 'এ'। দলের রান তখন ১৫১। নাদিফ চৌধুরীকে নিয়ে এরপরও চেষ্টা চালিয়ে যান জুনায়েদ সিদ্দিকী। দলীয় ২০৬ রানে তিনি বিদায় নিলে হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং সারি। রান আউট হয়ে একটুর জন্য শতক হাতছাড়া করেন জুনায়েদ। ১০৮ বলে ৯৬ রানের ঝকঝকে ইনিংসে ৭টি চার ও ১টি ছয় মারেন তিনি। এরপর আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারায় ২৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ 'এ'। নাদিফ চৌধুরী ৩৯ বলে ৩২ রান করেন। দক্ষিণ আফ্রিকা এ দলের পক্ষে ক্রেইগ অ্যালেকজান্ডার ৩টি এবং ইথি বালাতি ও ভেরনন ফিল্যান্ডার ২টি করে উইকেট লাভ করেন। ৫ ম্যাচের এই সিরিজে সবচেয়ে বেশি উইকেট গেছে ওই ফিল্যান্ডোরের দখলে। ১৯.৭৫ গড়ে ৮টি উইকেট দখল করেন তিনি । আর সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় ওপরের স্থানটি জুনায়েদ সিদ্দিকীর। ৫৩ গড়ে ২১২ রান সংগ্রহ করেন তিনি। অধিনায়ক আশরাফুলের আছেন চতুর্থ স্থানে। ৫৭.৩৩ গড়ে ১৭২ রান এসেছে তার ব্যাট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৩৪০ ঘ.