ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর চোটে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার ক্যারিয়ার প্রায় হুমকির মুখে পড়ে গিয়েছিলো। আর ওই সময়ে দেশটির ক্রিকেট বোর্ড থেকে কোনো সাহায্য তিনি পাননি বলেই অভিযোগ করেন মালিঙ্গা। একই সঙ্গে তাকে আবার ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ দেন আইপিএলকে।
গত সপ্তাহে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মালিঙ্গা ২০০৮ সালের প্রথম দিকেই হাঁটুর চোটে আক্রান্ত হন। এর পর ২০০৯ এর আগস্টের আগে তিনি কোনো টেস্ট ম্যাচ খেলেননি। ওই সময় তিনি প্রায় হারিয়েই গিয়েছিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৮টি উইকেট নিয়ে আবারো পদপ্রদীপের আলোয় চলে আসেন মালিঙ্গা।
কলম্বোতে এক সংবাদ সম্মেলনে মালিঙ্গা বলেন, "আইপিএলের কারণেই আমি আবার শ্রীলঙ্কার জাতীয় দলে ফেরার সুযোগ পাই। চোটের পর কেউই আমার খোঁজ রাখেনি। আমাকে কোনো চুক্তিতেও ডাকা হয়নি। তাই আইপিএলকে ধন্যবাদ দিতেই হবে। আমি এখানে কিছুই হারাইনি বরং আমার ক্রিকেটকে আরো বেশি উন্নত করতে পেরেছি। আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তাতে আমি দুঃখ পেয়েছিলাম কিন্তু হতাশ হইনি।
মালিঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে চোটের কারণে খেলতে অপারগতা জানিয়ে একটি চিঠি লিখলেও আইপিএলে ঠিকই খেলা চালিয়ে যাচ্ছিলেন। যা প্রশ্নের জন্ম দেয়। এর ব্যাখ্যা করতে গিয়ে মালিঙ্গা বলেন, "আমি এখন চোটে নেই ঠিকই। কিন্তু চোটের পর টেস্ট খেলার মত শারীরিক সক্ষমতা আমার আর নেই। যদি আমি একটি টেস্ট ম্যাচ খেলি তবে আমার ঠিক হতে লম্বা সময় লেগে যায়। সেই তুলনায় টোয়েন্টি-টোয়েন্টি বা একদিনের ম্যাচ খেলার পর ঠিক হতে কম সময় লাগে।"
মালিঙ্গা তার সুস্থতার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডঃ ইলিয়ানথে হোয়াইটকে ধন্যবাদ দেন। বলেন, "আমার অস্ট্রেলিয়ান ডাক্তার বলেছিলেন আমার যে ধরনের চোট তা কদাচিৎই দেখা যায়। এই চোট নিয়ে আমি আর কখনোই খেলতে পারবো না। কিন্তু ধন্যবাদ ডাক্তার হোয়াইটকে যিনি আমাকে সাহস দিয়ে বলেছিলেন আমি আবারো জাতীয় দলে খেলতে পারবো।"
অনেকেই সমালোচনা করে বলছেন অর্থে জন্যই মালিঙ্গা টেস্ট ক্রিকেট ছেড়েছেন। এর জবাবে তিনি বলেন, কখনোই অর্থ টেস্ট থেকে আমার অবসরের কারণ নয়। আমি একজন ধারাভাষ্যকার, কোচ বা আম্পায়ার হতে পারবো না। কিন্তু আমি ভালো বল করতে ও উইকেট তুলে নিতে পারবো। তাই অর্থকেই আমার সিদ্ধান্তের মূল কারণ বলাটা অবিচার হবে।
শ্রীলঙ্কার হয়ে মাত্র ৩০ টেস্ট খেলা মালিঙ্গা ১০০ (১০১) টি উইকেট নিয়েছেন। তার আগে মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাসই শুধু এই কৃতিত্ব দেখাতে পেরেছিলেন।
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলার ইচ্ছাই তার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কারণ বলে জানিয়েছেন মালিঙ্গা।
বোর্ডের সঙ্গে কথা বলতে সোমবার শ্রীলঙ্কার যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪২১ ঘ.
bdnews24