২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ফিরেছেন জুলকারনাইন

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার দেশে ফিরেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় লন্ডন থেকে সোমবার সকালে ইসলামাবাদ বিমান বন্দরে পৌঁছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার দেশে ফিরেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় লন্ডন থেকে সোমবার সকালে ইসলামাবাদ বিমান বন্দরে পৌঁছেন তিনি। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মালিকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মালিকের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে গত সপ্তাহে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন হায়দার। যদিও তার পরপরই টেলিফোনে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে আবারো হুমকি পান তিনি। পরে 'জিও' টেলিভিশনে তিনি বলেছিলেন, দেশে ফেরার বিষয়টি নিয়ে তিনি পুনরায় ভাববেন। মালিকের সঙ্গে সাক্ষাৎতের পর হায়দার বলেন, "আমি দেশে ফিরতে পেরে খুশি। আমার লন্ডনে যাওয়ার যথেষ্ট কারণ ছিলো। আশাকরি সবাই বুঝবে যে বিনা কারণে কেউ নিজের 'ক্যারিয়ার' ঝুঁকির মধ্যে ফেলে না।" হায়দার আরো বলেন, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাটের সঙ্গে দেখা করবেন ও তার লন্ডনে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলবেন। দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ নভেম্বর পঞ্চম ও শেষ একদিনের ম্যাচের দিন সকালে হোটেল থেকে নিখোঁজ হন হায়দার। পরে লন্ডন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কাছ থেকে তিনি টেলিফোনে 'ম্যাচ ফিক্সিং'র প্রস্তাব পান। একই সঙ্গে হুমকি দিয়ে বলা হয়, তিনি যদি ওই প্রস্তাবে রাজি না হন তবে তার ও তার পরিবারের ক্ষতি করা হবে। এই কারণেই তিনি কাউকে কিছু না জানিয়ে লন্ডনে পালিয়ে যান। পরে হায়দার যুক্তরাজ্য সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ও প্রার্থনা করেছিলেন। আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই লন্ডনে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে হায়দারের সাক্ষাৎ হয়। সেখানে মালিকের কাছ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস পেয়ে হায়দার দেশে ফিরতে রাজি হন। দেশে ফিরে হায়দার ঘোষণা দেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর ও পিসিবি'র সঙ্গে তার পূর্বের চুক্তি সবই বাতিল করা হয়েছে। এছাড়া পিসিবি'র গঠিত তদন্ত কমিটি তার (হায়দার) ওই ধরণের কর্মকান্ডের পেছনে মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৩৫ ঘ.