২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের বড় জয়

কোচি টাস্কার্স কেরালার বিপক্ষে ৮ উইকেটে জিতেছে রাজস্থান রয়্যালস। তখনো হাতে ছিল ৩৫ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচি টাস্কার্স কেরালার বিপক্ষে ৮ উইকেটে জিতেছে রাজস্থান রয়্যালস। তখনো হাতে ছিল ৩৫ বল। জয়পুরের মানসিং স্টেডিয়ামে রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৮তম খেলায় রান তাড়া করতে গিয়ে রাজস্থান ১৪ ওভার ১ বলে জয়ের লক্ষ্য ১১০ টপকে ১১১ রানে পৌঁছে যায় ২ উইকেটে। এর আগে টস জিতে রাজস্থান রয়্যালস ব্যাটিংয়ে পাঠায় কোচি টাস্কার্স কেরালাকে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় দলটি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও রাহুল দ্রাবিড় ৭১ রানের চমৎকার একটি ভিত্তি রচনা করেন। সেই সঙ্গে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। দ্রাবিড় ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে ফিরে গেলেও খেলে যেতে থাকেন ওয়াটসন। ১০৫ রানের মাথায় তিনি যখন সাজঘরের পথ ধরেন তখন জয় চলে এসেছে রাজস্থানের হাতের মুঠোয়। জোহান বোথা ৭ বলে ১৪ ও রস টেলর ১ বলে ২ রান করে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। কেরালার পক্ষে রবীন্দ্র জাদেজা ১ উইকেট নেন ২৪ রানে। এর আগে দলীয় ৪২ রানের মধ্যে তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যাওয়ায় পথ হারিয়ে ফেলে কেরালা। এ অবস্থায় হাল ধরেন পার্থিব প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। চতুর্থ উইকেট জুটিতে ৪৮ রান তুলে তারা পথে ফিরিয়ে আনতে না আনতে আবারো পথ হারিয়ে ফেলে কেরালা। তবে এবার আর পথে ফেরা হয়ে ওঠেনি। বরং ৯০ থেকে ১০৯, এই ১৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে দলটি। এর মধ্যে ৯০ রানের মাথায় বিদায় নেন তিন ব্যাটসম্যান। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩২ রান করেন পার্থিব। এছাড়া জাদেজা ২২ ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে করেন ১৩ রান। রাজস্থানের পক্ষে ৩টি করে উইকেট নেন শেন ওয়ার্ন ও সিদ্ধার্থ ত্রিবেদী। এ জন্য ওয়ার্ন দেন ১৬ রান। ত্রিবেদী ১৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩৩৯ ঘ.