ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
এই খেলায় জিতে পাঁচ ম্যাচ একদিনের সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে গেল। দ্বিতীয় খেলা ২৫ এপ্রিল।
সেন্ট লুসিয়ার বুশেজো স্টেডিয়ামে শনিবার রান তাড়া করতে গিয়ে ২ উইকেটে জয়ের লক্ষ্য ২২২ রানে পৌঁছে যায় পাকিস্তান। তখনো হাতে ছিল ৫১ বল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট করতে নেমে ৬৮ রানের শক্ত একটা ভিত্তি গড়ে দেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। ২২ রান করে বিদায় নেন শেহজাদ। দেবেন্দ্র বিশুর বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি।
তবে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হয়ে খেলে যেতে থাকেন হাফিজ। অর্ধশতক আদায় করে নেন মাত্র ৪০ বলে। শেষ পর্যন্ত বিশুর বলে সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে করেন ৫৪। তিনিও বিদায় নেন বিশুর বলে। দলের রান তখন ৮৮।
এরপর আর হোঁচট খেতে হয়নি পাকিস্তানকে। আসাদ শফিক ও মিসবাহ-উল-হক নিরাপদেই পাকিস্তানকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
আসাদ ৬১ ও মিসবাহ ৭৩ রানে অপরাজিত ছিলেন।
আসাদের ৭৬ বলের ইনিংসে ৭ চার ও মিসবাহর ৯০ বলের ইনিংসে ইনিংসে ৫টি চার রয়েছে।
এর আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের প্রায় সবাই শুরুটা ভালো করলেও কেউ নিজেদের ইনিংস বড় করতে পারেননি। আর এ জন্য সম্ভাবনা জাগিয়েও স্কোরবোর্ডে বড় স্কোর জমা করতে পারেনি তারা।
ওয়েস্ট ইন্ডিজের আট ব্যাটসম্যানের মধ্যে সাতজনই পা রাখেন দুই অঙ্কের ঘরে। সবচেয়ে বেশি ৬৭ রান করেন ড্যারেন ব্রাভো। তিনি তার ১০৯ বলের ইনিংসটি সাজান ১টি চার ও ১টি ছক্কা দিয়ে।
পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ২ উইকেট নেন ৬২ রানে। ১টি করে উইকেট নেন সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ। এ জন্য আজমল দেন ২৪ রান। হাফিজ ৩৬।
নিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে কোনো উইকেট পাননি জুনায়েদ খান। ১০ ওভারে তিনি দেন ৪৯ রান।
সেরা খেলোয়াড় হন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৯ ঘ.
bdnews24