ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফল কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে ধরে রাখতে তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। যেখানে ফ্লাওয়ারের ভ্রমণ জনিত অতিরিক্ত পরিশ্রম কমানোর বিধান রেখে একটি নতুন ধারা রাখা হয়েছে।
ফ্লাওয়ারকে ভারতও কোচ হিসেবে পেতে চাচ্ছে। আর এই দৌঁড়ে এগিয়ে থাকার জন্যই চুক্তিতে নতুন ধারাটি যোগ করেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)।
যদিও বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলো ভারত। 'দ্যা ডেইলি মিরর' জানিয়েছে, ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কার্স্টেনকে বছরে প্রায় এক মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছিলো। যদিও তিনি ওই প্রস্তাব ফিরিয়ে দেন। ওই প্রস্তাব গ্রহণ করলে কার্স্টেন হতেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেট কোচ।
কার্স্টেন প্রস্তাব ফিরিয়ে দেয়ায় নতুন কোচ খুঁজতে হচ্ছে ভারতকে। আর বোর্ডের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।
অ্যাশেজ সিরিজ ও বিশ্বকাপের মধ্যে ইংল্যান্ডের খেলোয়াড় ও দলের কর্মকর্তারা মাত্র তিন দিন দেশে থাকতে পেরেছিলেন। বিষয়টি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করে বলে অনেকের মত।
ইংল্যান্ডের সাবেক কোচ ডেভিড লয়েড মনে করেন ইংল্যান্ডের ফ্লাওয়ারকে হারানোর ঝুঁকি নেয়া ঠিক হবে না। লয়েড বলেন, "বিশ্বের সেরা ও সফল কোচদের মধ্যে কেউ কেউ সত্যি খুবই ভালো। তাদের মধ্যে জন রাইট ও গ্যারি কার্স্টেন ছাড়াও অবশ্যই ইংল্যান্ডের অ্যান্ডিও আছেন। আর যেহেতু আমাদের একজন সেরা কোচ আছেন, তাই আমাদের উচিত হবে তাকে ধরে রাখা। আশা করি বোর্ড অ্যান্ডির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।"
এর সঙ্গে লয়েড যোগ করেন, "আশাকরি বোর্ড অ্যান্ডির পরিবারের কথা ভাববে। বোর্ডের যতটুকু সম্ভব তাকে ছাড় দেয়া উচিত যেন তিনি (অ্যান্ডি) তার পরিবার ও বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারে। তিনি যদি কোনো সফরে যেতে না চান তবে আমার মনে হয়না খুব বেশি সমস্যা হবে। আমার পরামর্শ হলো এগুলো ভেবে দ্রুত একটা সিদ্ধান্ত বোর্ডের নেয়া উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২০১০ ঘ.
bdnews24