ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেন্নাই সুপার কিংসকে ৮ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৫তম খেলায় রান তাড়া করতে গিয়ে সুব্রামনিয়াম বদ্রিনাথের অপরাজিত অর্ধশতকের পরও চেন্নাইয়ের পালা থেমে যায় ৯ উইকেটে ১৫৬ রানে।
এর আগে টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় চেন্নাই। ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করে মুম্বাই।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই পাল্লা দিয়ে রান তুলতে পারেননি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। শুরুটা যদিও একেবারে খারাপ হয়নি তাদের। মাত্র ৩ ওভার ৪ বলে ৩১ রানের মোটামুটি একটা ভিত্তি গড়ে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইক হাসি ও মুরালি বিজয়।
দলীয় ৩১ রানের মাথায় বিজয় (১২) ও ৩৮ রানের মাথায় সুরেশ রায়না (৫) বিদায় নিলে হোঁচট খায় চেন্নাই।
তবে তৃতীয় উইকেট জুটিতে হাসি ও বদ্রিনাথ ৬০ রান তুললে কিছুটা হলেও খেলায় ফিরে আসে চেন্নাই।
দলীয় ৯৮ রানের মাথায় হাসির (৪১) সাজঘরে ফেরার পর পথ হারিয়ে ফেলে চেন্নাই। এরপর আর পথে ফেরা হয়ে ওঠেনি দলটির।
শেষ পর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকেন বদ্রিনাথ। তার ৪৮ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা রয়েছে।
এছাড়া উল্লেখ করার মতো রান করতে পারেননি কেউ।
মুম্বাইয়ের বোলারদের মধ্যে হরভজন সিং ৫ উইকেট নেন ১৮ রানে।
এর আগে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাজাগোপাল সতীশ (০) ও অধিনায়ক শচীন টেন্ডুলকার (৫) বিদায় নিলে বিপদে পড়ে মুম্বাই।
এ অবস্থায় হাল ধরেন আম্বাতি রাইয়ুদু ও শর্মা। তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান তুলে তারা শুধু প্রাথমিক ধাক্কাই সামাল দেননি, লড়াইয়ের পুঁজি গড়ে তোলার পথে অনেকখানি এগিয়ে নেন দলকে।
রাইয়ুদু দেখেশুনে খেললেও অন্য প্রান্তে রীতিমতো ঝড় তোলেন শর্মা। দলীয় ১৬১ রানের মাথায় সাজঘরে ফেরার আগে মাত্র ৪৮ বলে ৮৭ রান করেন তিনি ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে।
এর আগে ৭৪ রানের মাথায় ২৭ রান করে বিদায় নেন রাইয়ুদু। তার ২৯ বলের ইনিংসে চার রয়েছে ৪টি।
শেষ পর্যন্ত ৩১ রানে অপরাজিত থাকেন অ্যান্ড্রু সাইমন্ডস। আর কিয়েরন পোলার্ড ২ বল খেললেও হিসেবের খাতা খুলতে পারেননি।
চেন্নাইয়ের বোলারদের মধ্যে ডোগ বোলিঞ্জার ২ উইকেট নেন ৩০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৪১ ঘ.
bdnews24