২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনামুলের শতকে প্রথম দিন জিপি-বিসিবি একাডেমির

একাডেমি কাপের চারদিনের খেলার প্রথম দিন আনামুল হকের অপরাজিত শতকের সুবাদে ৬ উইকেটে ৩৩২ রান করেছে জিপি-বিসিবি একাডেমি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাডেমি কাপের চারদিনের খেলার প্রথম দিন আনামুল হকের অপরাজিত শতকের সুবাদে ৬ উইকেটে ৩৩২ রান করেছে জিপি-বিসিবি একাডেমি দল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার চারদিনের দ্বিতীয় খেলায় টস জিতে জিপি-বিসিবি একাডেমিকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দলের অধিনায়ক জশুয়া রিচার্ডস। তিন নম্বর ব্যাটসম্যান আনামুল দ্বিতীয় ওভারে মাঠে নেমে শেষ পর্যন্ত অপরাজিত রয়েছেন ১২৭ রানে। তিনি তার ৩৫৮ মিনিটের ইনিংসে খেলেন ২৬০ বল। চার মারেন ২১টি । অন্য প্রান্তে আলাউদ্দিন বাবু অপরাজিত রয়েছেন ১৬ রানে। এর আগে পালার দ্বিতীয় ওভারে ৫ রানের মাথায় মাইশুকুর রহমান (০) বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে রনি তালুকদার ও আনামুল দলের সঙ্গে ১৩৫ যোগ করলে ওই চাপ কাটিয়ে ওঠে জিপি-বিসিবি একাডেমি দল। দলীয় ১৪০ রানের মাথায় রনির (৭৪) বিদায়ের পর দলের সঙ্গে ১১ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান অধিনায়ক মোহাম্মদ মিথুন (১) ও মমিনুল হক (৪)। ফলে আবারো চাপে পড়ে যায় স্বাগতিকরা। রনির ৯১ বলের ইনিংসে চার রয়েছে ১১টি। এ অবস্থায় হাল ধরেন আনামুল ও শুভগত হোম চৌধুরী। পঞ্চম উইকেট জুটিতে ১২৯ রান তুলে দলকে পথে ফেরান তারা। ২৮০ রানের ৭০ রান করে শুভগত বিদায় নিলেও শেষ পর্যন্ত অবিচল ছিলেন আনামুল। শুভগতর ১১৯ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা রয়েছে। ঠিক ৩০০ রানের মাথায় দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন আসিফ আহমেদ (১৭)। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নেন সিয়াবুলেলা সিমেটো ও মার্চেন্ট ল্যাঙ্গ। এ জন্য সিমেটো দেন ৪৫ রান। ল্যাঙ্গ ৮০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১৪ ঘ.