২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের বিপক্ষে পাঞ্জাবের জয়

কিংস ইলেভেন পাঞ্জাব ৪৮ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস ইলেভেন পাঞ্জাব ৪৮ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২৩তম খেলায় জয়ের লক্ষ্য ১৯৬ তাড়া করতে গিয়ে রাজস্থানের পালা থেমে যায় ৭ উইকেটে ১৪৭ রানে। এর আগে রাজস্থান টস জিতে ব্যাট করতে পাঠায় পাঞ্জাবকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান করে দলটি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই পাল্লা দিয়ে রান তুলতে পারেনি রাজস্থান। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৪ রান করেন অশোক মেনারিয়া। এছাড়া স্টুয়ার্ট বিন্নি ৩০, অভিষেক রাউত ২৫ ও শেন ওয়াটসন ২৪ রান করেন। পাঞ্জাবের পক্ষে ২টি করে উইকেট নেন প্রভিন কুমার ও ভারগব ভাট। এ জন্য ভাটের খরচ হয় ২০ রান। কুমার দেন ২২। এর আগে ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন পাঞ্জাবের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও পল ভালথাটি। মাত্র ৪ ওভার ২ বলে ৬৭ রানের মজবুত একটি ভিত্তি গড়ে দেন তারা। গিলক্রিস্ট মাত্র ১৬ বলে করেন ২৮। তিনি চার মারেন ৪টি ও ছক্কা ১টি। আর ভালথাটি ৩১ বলে ৪৬ রান করেন ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে। গিলক্রিস্টের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা কমে আসলেও শন মার্শ ও দিনেশ কার্তিক পালার মাঝামাঝি সময় আবারো ঝড় তোলেন। ফলে দলের রান দুই শ'র কাছাকাছি পৌঁছে যায়। দলের পক্ষে সবচেয়ে বেশি ৭১ রান করেন শন মার্শ। তিনি তার ৪২ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ৩টি ছক্কা দিয়ে। এছাড়া দিনেশ কার্তিক করেন ২১ রান। রাজস্থানের পক্ষে শন টেইট ৩ উইকেট নেন ২২ রানে। ২৪ রানে ২ উইকেট নেন ওয়াটসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০১২ ঘ.