ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন মাইকেল ক্লার্ক।
ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক বলেন, "অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে দলের সদস্যদের কাছ থেকে সম্মান ও সমর্থন পাই। তবে অধিনায়ক হিসেবে এ সম্মান আমি মাঠে পারফর্ম করেই অর্জন করতে চাই। লক্ষ্যটা সহজ, মাঠে দলকে জয়ে নেতৃত্ব দেয়া।"
বিশ্বকাপের পরপরই মাইকেল ক্লার্কের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। প্রত্যাশিত ৩-০ জয় দিয়ে শুরু করলেও ক্লার্ক মনে করেন এ কেবল শুরু। আরো বড় লড়াইয়ে কেমন করেন সেটাই হবে প্রধান বিবেচ্য।
তার পূর্বসূরি রিকি পন্টিংয় অধিনায়কত্বের শুরুতে অনেক রান পেয়েছিলেন। নেতৃত্ব দিয়েছেন গুরুত্বপূর্ণ সব সিরিজ জয়ে।
তবে ব্যাটে রান খরা আর অ্যাশেজ হারের পর অধিনায়কত্ব নিয়ে চাপে পড়েন পন্টিং। পরে বিশ্বকাপ ব্যর্থতা শেষে পদত্যাগ করেন নেতৃত্ব থেকে।
দীর্ঘ ক্রিকেট মৌসুম শেষে আপাতত বিশ্রাম পাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিশ্রামের এই সময়টা ভবিষ্যত ভাবনায় কাটাতে চান ক্লার্ক।
"এখন আমি কিছুটা সময় পেয়েছি বাড়ি ফিরে অস্ট্রেলিয়ার ক্রিকেটের গত ১২ মাস বিশ্লেষণ করার। একই সঙ্গে আগামী ১২-২৪ মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেটা ভাবারও সময় পাবো।
প্রচুর রান করেই দলকে নেতৃত্ব দিতে চান ক্লার্ক। শিক্ষা পেয়েছেন পন্টিংয়ের কাছ থেকে।
"পন্টিং সম্ভবত একটা ব্যাপার আমাকে শিখিয়েছেন নেতা হিসেবে, সিনিয়র খেলোয়াড় হিসেবে সর্বোপরি অধিনায়ক হিসেবে দাঁড়াতে হবে সবার আগে। ব্যাটসম্যান হিসেবে করতে হবে অনেক রান। এখন আমি অধিনায়ক, তাই সামনে থেকে নেতৃত্ব দেয়া আমাকে নিশ্চিত করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০৭ ঘ.
bdnews24