২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলসি'র সমালোচনায় মুরালি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন, এমন ক্রিকেটারদের ডেকে পাঠানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মুত্তিয়া মুরালিধরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন, এমন ক্রিকেটারদের ডেকে পাঠানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মুত্তিয়া মুরালিধরন। কোচি টাস্কার্স কেরালায় খেলছেন মুরালি। ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ৫ মে'র মধ্যে তাদের ক্রিকেটারদের দেশে ফিরে যেতে বলেছে। ১০ মে তাদের ইংল্যান্ড যাওয়ার কথা। সেখানে শ্রীলঙ্কা তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। একটি টিভি চ্যানেলে মুরালি বলেন, "বোর্ড ২০ মে পর্যন্ত খেলোয়াড়দের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি দিয়েছে। এ ব্যাপারে বোর্ড অনাপত্তি পত্রেও সই করেছে। এখন আবার ৫ মে'র মধ্যে ফিরে যেতে বলা অবশ্যই ভুল।" এসএলসির আগেই এ কথা খেলোয়াড়দের বলে দেয়া উচিত ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, এতে আইপিএলের দলগুলো সেভাবে বিষয়টি বিবেচনা করতো। বর্তমানে শ্রীলঙ্কার ১১ ক্রিকেটার আইপিএলে খেলছেন। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেন, খেলোয়াড়রা অবশ্যই বোর্ডের নির্দেশ পালন করবেন। এ ব্যাপারে আলোচনার দরকার হলে তা করবে এসএলসি ও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিকে আইপিএল চেয়ারম্যান সি আমিন বলেন, শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেশে ডেকে পাঠানো নিয়ে যে বিতর্কের শুরু হয়েছে তা আগামী সপ্তাহের মধ্যে মিটে যাবে। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এসএলসির কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০২৭ ঘ.