২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডন্সের সাফল্য ও ব্যর্থতা

শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে জেমি সিডন্স অধ্যায়। বাজে কিছু মুহূর্তের পাশাপাশি দেশকে উৎসবের অনেক উপলক্ষ্যও এনে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে জেমি সিডন্স অধ্যায়। বাজে কিছু মুহূর্তের পাশাপাশি দেশকে উৎসবের অনেক উপলক্ষ্যও এনে দিয়েছেন তিনি। সিডন্স দায়িত্ব নেন ২০০৭ সালের ২৮ অক্টোবর। এরপর ১৩ এপ্রিল পর্যন্ত ৮৩টি একদিনের খেলায় বাংলাদেশ জিতেছে ৩১টিতে। হেরেছে ৫২টিতে। পরিত্যক্ত খেলাগুলোকে হিসেবে ধরা হয়নি। ধরা হয়নি অস্ট্রেলিয়া-বাংলাদেশ তৃতীয় একদিনের খেলাটিও। ৩১ খেলায় জেতা নিঃসন্দেহে কম কথা নয়। যদিও বেশির ভাগ জয় এসেছে দুর্বল জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো দলগুলোর বিপক্ষে। তারপরও দলের ভেতর জয়ের স্পৃহা তৈরি করতে পেরেছেন তিনি। নিয়মিত জেতার অভ্যাসটাও রপ্ত করতে পেরেছে বাংলাদেশ। যদিও অনেক খেলায় লজ্জায় ডুবতে হয়েছে বাংলাদেশকে। শেষের দিকটা অবশ্য ভালো কাটেনি তার। দেশের মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পরও ব্যাটিং, বোলিং ও ফিল্ডং, তিন বিভাগেই এখন খারাপ করছে বাংলাদেশ। প্রায় প্রতি খেলাতে ক্যাচ ফেলে দিচ্ছেন ফিল্ডাররা। বোলাররা মার খাচ্ছেন। আর ব্যাটসম্যানরা কেবলই উইকেটে যাচ্ছেন আর ফিরে আসছেন। তারপরও সিডন্সের সময় বাংলাদেশের একটি বড় অর্জন আছে। তা হলো নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানো। এছাড়া ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারানোও কম বড় অর্জন নয়। এছাড়া ১৯ টেস্টের মধ্যে বাংলাদেশ ২টিতে জিতেছে। হেরেছে ১৬টিতে। ড্র করেছে একটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩৬ ঘ.